সিলেটের মেয়রসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরুদ্দিন আহম্মেদ কামরান ও কমিশনার আজাদুর রহমান আজাদসহ ১৯ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সহকারি পরিদর্শক একরামুর রেজা বাদি হয়ে ২০০৩ সালের ৮ মে সিলেট কোতয়ালী থানায় ২৩ লাখ ৪০ হাজার ৫৩৭ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়, শিবগঞ্জ কিচেন মার্কেটে কোন অনুমতি ও টেণ্ডার ছাড়াই ২০০২ সালের ২১ মে পৌর কমিটির এক সভায় মার্কেটটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। চারতলা এই মার্কেটের নির্মাণ ব্যয় ধরা হয় ২৩ লাখ ৬ হাজার ৯৩৭ টাকা। এছাড়া সেলামি ধরা হয় চার লাখ টাকা। উল্লিখিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার শর্তে কমিশনার আজাদকে মার্কেটটি ইজারা দেওয়া হয়। কিন্তু আজাদ সেলামির লাখ টাকা জমা দিলেও বাকি টাকা আত্মসাৎ করেন।
মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা জেলা অফিসের উপ পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান ভূঁইয়া বুধবার ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর বিভিন্ন অভিযোগে কমিশনার আজাদকে আটক করা হয়।
