২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল করবেন ইউনূস

জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল করতে রাজী আছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।  ১০ দিন ভারত ও বাহরাইন সফর শেষে ফিরে এসে বুধবার বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যয়ের কথাই জানালেন। তিনি বলেন, দুর্নীতি ও কালো টাকা মুক্ত নতুন বাংলাদেশ তিনি দেখতে চান। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 02:56 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ইউনূস জানান, দেশের দুর্নীতিবিরোধী অভিযান বিদেশে ভূয়সী প্রশংসা পেয়েছে। কাজেই দুর্নীতি ও কালো টাকা মুক্ত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় থাকা উচিত।

তিনি বলেন, “পুরো প্রক্রিয়া আইনের ভিত্তিতে চলুক। আইনের মধ্যে থেকেই তাদেরকে কাজ করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় এমন ব্যবস্থা করা উচিত যেন দুর্নীতির সঙ্গে জড়িতরা নির্বাচনে অংশ নিতে না পারে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে দেশের জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলছি, আপনারা এমন ব্যবস্থা করুন যেন দুর্নীতিবাজ কেউ রাজনীতিতে ঢুকতে না পারে।” সৎ লোকেরা যেন রাজনীতিতে অংশ নিতে পারে এমন পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।