২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি সহায়তা দিতে তালিকা তৈরি করছে বিএনপি

আটক নেতা--কর্মীদের আইনি সহায়তা দিতে বিএনপি তালিকা তৈরি করছে। দলের কেন্দ্রীয় কার্যালয় সারাদেশের জেলা নেতাদের সঙ্গে আলাপ করে কারা কারা আটক হয়েছে, তাঁদের খোঁজ-খবর নিচ্ছে বলে দলের শীর্ষ পর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 12:40 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে আটক নেতা--কর্মীদের খোঁজ--খবর নিতে নির্দেশ দিয়েছে। গত কয়েকদিন তিনি আটক নেতাদের জন্য করণীয় বিষয় নিয়ে দলের বেশ কয়েকজন আইন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করেছেন।

জানা গেছে, দলের আইনজীবীদের পরামর্শক্রমে সাবেক প্রতি মন্ত্রী মীর নাসিরউদ্দিন আহমেদের আটকাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা দায়ের করেছেন। অন্য নেতারা প্রতিকার চেয়ে শিগগিরই উচ্চতর আদালতে রিট মামলা করবেন।

কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, সারাদেশে দলের এ পর্যন্ত কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে শতাধিক নেতা যৌথ বাহিনীর হাতে আটক হয়েছে বলে তাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে। এ ব্যাপারে সম্পূর্ণ  তালিকা তাদের হাতে নেই বলে ওই সূত্র জানায়।

প্রসঙ্গ গত কয়েকদিনে বিএনপির সহসভাপতি তরিকুল ইসলাম, ব্যারিস্টার নাজমূল হুদা, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাবেক সাংসদ আমান উল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, নাসের রহমান, ওয়াদুদ ভূঁইয়া, সালাউদ্দিন আহমেদ, মুন্সি মঞ্জুরুল ইসলাম, মোসাদ্দেক আলী ফালু, আলী আসগার লবী প্রমূখ যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন।