২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্টাল ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় ১৩ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

ওরিয়েন্টাল ব্যাংকের প্রায় পাঁচশ’ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলা দায়েরের ১৩ দিনেও একজন আসামিও গ্রেপ্তার হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 09:26 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ব্যাংকটির অধিকাংশ শেয়ারের মালিক ওবায়দুল করিম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামিসহ ২৫ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা--কর্মচারীর বিরুদ্ধে গত ২৫ জানুয়ারি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। মামলা দায়েরের পরপরই ওবায়দুল করিম ও কয়েস সামিসহ অভিযুক্তরা গা ঢাকা দেন।

একজন আসামিও গ্রেপ্তার না হওয়ায় পুলিশের তদন্ত কাজ ও তৎপরতা নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বর্তমানে ওরিয়েন্টাল ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে নফহবংি২৪.পড়স কে বলেছেন, “আমাদের দায়িত্ব ছিল মামলা দায়ের করা। এখন পুলিশ বিষয়টি দেখছে। কিন্তু পুলিশ আমাদের বলছে আসামিরা পালিয়ে গেছে। আমরা কি করতে পারি?”

তবে মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি সৈয়দ মোমেন হোসেন তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন। নফহবংি২৪.পড়স কে তিনি  বলেন, “মামলাটি তদন্তের জন্য প্রতিদিন তার অধীনে সিআইডির কমপক্ষে পাঁচজন কর্মকর্তা কাজ করে যাচ্ছেন। তারা আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” তিনি তদন্তের স্বার্থে এর বেশি জানাতে অস্বীকার করেন।

মামলার অন্যতম আসামি, নামে--বেনামে ব্যাংকের অধিকাংশ শেয়ারের মালিক ওবায়দুল করিমের দেশত্যাগ করেছেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, “এ ধরনের কোন তথ্য আমার জানা নেই।”

প্রসঙ্গত, তেজগাঁও থানায় মামলাটি দায়ের করার পর ওইদিনই  এসআই মনিরুল ইসলামকে  তদন্তভার দেওয়া করা হয়। কিন্তু পর দিন মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। নতুন তদন্ত কর্মকর্তা হন সৈয়দ মোমেন হোসেন।

মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা  এসআই মনিরুল ইসলাম নফহবংি২৪.পড়স এর কাছে দাবি করেছেন, তদন্তভার পাওয়ার পর গ্রেপ্তারের জন্য ওইদিনই তিনি বেশিরভাগ আসামির বড়িতে অভিযান চালান। কিন্তু কাওকেই পাওয়া যায়নি। মামলটি সিআইডির কাছে হস্তান্তর হওয়ার ফলে এখন তার কিছুই করার নেই।

ওরিয়েন্টাল ব্যাংকের এই বিপুল আর্থিক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নির্দেশ পেয়ে ব্যাংকের উপ সহ--সভাপতি (এভিপি) এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মঞ্জুর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত এসব বর্তমান ও সাবেক কর্মকর্তা ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখা, বংশাল, নবাবপুর, কারওয়ান বাজার, মিরপুর সড়ক শাখা এবং প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন বা আছেন। 

এরা হলেন এসএম হারুন, একিউএম মাহমুদ উল¬া, মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ ফজলুর রহমান, কামরুল ইসলাম, আলমগীর কবীর, তারিকুল ইসলাম, এএনএম আসিফুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, সাঈদ মোহাম্মদ হাসান, তওহিদ উদ্দিন খন্দোকার, মোহাম্মদ এমদাদ হোসেন ভূঁইয়া, মোহাম্মদ ফিরোজ কবীর, ইশতিয়াক আহম্মেদ চৌধুরী, মোশতাক আহম্মেদ, সৈয়দ সরফরাজ শাহ, এজেডএম সালেহ, খন্দোকার শাহরুখ আহম্মেদ, আরিফুর রহমান, মঞ্জুরুল আলিম, সাইফুল আজিজ পাভেল এবং আবুল হোসেন চোখদার।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা ব্যাংকের প্রধান কার্যালয়, বংশাল, নবাবপুর, মিরপুর সড়ক শাখা, কারওয়ান বাজার এবং প্রিন্সিপাল শাখা থেকে মোট চারশ’ ৮৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে।  

এর মধ্যে ৩৬৯টি ভাউচার ডেভিটের মাধ্যমে ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে মোট চারশ’ ৭১ কোটি ৩৫ লাখ টাকা এবং আন্তঃব্যাংক ঋণ আদেশ (আইবিসিএ) ইস্যুর মাধ্যমে কারওয়ান বাজার ও বংশাল শাখা থেকে ১৭ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিভিন্ন ভুয়া একাউন্ট ব্যবহার করে ২০০৩ সাল থেকে ২০০৬ সালের জুন পর্যন্ত সময়ে এই অর্থ আত্মসাৎ করা হয়।