বইমেলার নোংরা পরিবেশ নিয়ে ক্ষুদ্ধ দর্শনার্থীরা
প্রায় হাজার বছর আগে গজনীর সুলতান মাহমুদের সভাসদ হয়ে ভারতবর্ষে এসেছিলেন আলবেরুনী নামের একজন মুসলিম পন্ডিত। এখানে এসে যেসব গ্রন্থ তিনি রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি বই বেশ কবছর আগে ‘ভারততত্ত্ব’ নামে বাংলা অনুবাদে প্রকাশ করেছিল বাংলা একোডেমী।
বইটিতে ভারতীয় ও বাঙালির চরিত্র বর্ণনা করতে গিয়ে তিনি যেসব বিবরণ দিয়েছেন তার একটি হলো, ‘এরা খুবই নোংরা’। বইটা একাডেমী কর্তৃপক্ষ সম্ভবত মনোযোগ দিয়ে পড়েছেন এবং একাডেমীর বইমেলা প্রাঙ্গণে গেলে বোঝা যায় বাঙালির চরিত্র যাতে না বদলায় সে জন্য তারা প্রাণপনে চেষ্টা করে যাচ্ছেন। বইমেলা প্রাঙ্গণে দাড়িয়ে আক্ষেপের সঙ্গে ঔপন্যাসিক আনিসুল হকও বললেন, “ ফি বছরই এই নোংরা পরিবেশই দেখে আসছি। বাংলা একাডেমীর মতো জাতীয় প্রতিষ্ঠানের কাছে এটা কাম্য নয়।”
তিনি বলেন, “আমাদের সবগুলো জাতীয় সৌধের দিকেও লক্ষ্য করলেও দেখবেন একই ব্যাপার। সারা বছরই শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ নোংরা, অপরিষ্কার থাকে। বছরে দুএকদিন ওগুলো ঝকঝকে তকতকে করা হয়। বছরে একবারই মাসখানেকের জন্য একাডেমী কর্তৃপক্ষ কি এই মেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে পারে না?”
মেলার একটি ব্যবস্থাপনাগত উন্নয়নেরও প্রস্তাব করেন এই লেখক ও সাংবাদিক। “ যেহেতু এটা বইমেলার স্থায়ী প্রাঙ্গণ, সেহেতু কোন নগর পরিকল্পনাবিদের পরামর্শ মোতাবেক এর একটা সুনির্দিষ্ট অবকাঠামো তৈরি করা উচিত। এখানে স্টলবিন্যাস, দর্শণার্থীদের হাঁটাচলার সরু রাস্তা, বসার ব্যবস্থা ইত্যাদি করা যেতে পারে।”
আনিসুল হকের সঙ্গে একমত পোষণ করলেন মেলায় আসা লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিশ্বের বিভিন্ন দেশের বইমেলায় গিয়েছেন তিনি। কোথাও এমনটা দেখেননি। তবে একই সঙ্গে তিনি এটাও বললেন, অমর একুশে গ্রন্থমেলার মতো প্রাণের ছোঁয়াও তিনি অন্য কোথাও পাননি।
সোমবার ও মঙ্গলবার যারা বইমেলায় গিয়েছেন তারা মেলার বিভিন্ন স্থানে গ্রামীণ ফোনের বিলবোর্ড লক্ষ্য করেছেন যেখানে গ্রামীণের অর্থায়নে নির্মিত ‘মোদের গরব’ ভাস্কর্যের ছবি দিয়ে মূলত তাদের বিজ্ঞাপন করা হয়েছে বলে মেলায় আগত অনেকেইর মত।
বিষয়টি নিয়ে লেখক ও প্রকাশক মইনুল আহসান বলেন, “বাংলা একাডেমী একটি সরকারী প্রতিষ্ঠান যারা ভর্তুকি নিয়ে চলে। তারা কেন ও কী কারণে বহুজাতিক একটা কোম্পানিকে এভাবে এই মেলায় ঢুকতে দিয়েছে সেটা আমরা জানতে চাই।”
বিলবোর্ডের ব্যাপারে নফহবংি২৪.পড়স এর এক প্রশ্নের জবাবে গ্রামীণ ফোনের বিপণন বিভাগের রুবাবা দৌলা মতিন বলেন, “এই বিলবোর্ডের জন্য আমরা মেলা কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা দিয়েছি। এর সঙ্গে ভাস্কর্য তৈরির জন্য দেয়া ১০ লাখ টাকার কোন সম্পর্ক নেই।”
মইনুল হাসান সাবের বলেন, “এভাবে এই মেলাকে বানিজ্যিকীকরণের এখতিয়ার বাংলা একাডেমীকে কে দিয়েছে? আর এই টাকাই বা কোন খাতে বাংলা একেডেমী তাদের হিসেবে অন্তর্ভূক্ত করবে?”
এক স্টলে অন্য প্রকাশকের বই রাখা এবং মেলা পরিদর্শকের তা উঠিয়ে নেয়ার খেলা চলছে। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে মেলার স্টিয়ারিং কমিটির সদস্য ওসমান গণি বলেন, “আজকালের মধ্যেই এ ব্যাপারে আমরা স্টল মালিকদের লিখিত নোটিশ দেবো। দিন দুয়েকের মধ্যে অ্যাকশনে যাবো।”
‘অ্যাকশনটা কি?” জানতে চাইলে একটু ইতস্তত করে গণি বলেন, “সে ব্যাপারে আমরা কাল মিটিং করে সিদ্ধান্ত নেবো।”
স্যাঁতস্যাতে আবহাওয়ার জন্য মঙ্গলবার মেলায় দর্শনার্থীর সংখ্যা সামান্য কম ছিল। সে কারণে বই বিক্রির পরিমাণও একটু কম।
