২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে প্রার্থীদের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে শুনানি চলছে

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয় ও  সম্পদের হিসাবসহ ব্যক্তিগত আট তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে আপিলের শুনানি দ্বিতীয় দিনেও চলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বিভাগে ড. কামাল হোসেন বলেছেন, তথ্য জানানোর জন্য হাইকোর্টের যুগান্তকারী রায়কে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কোন আপিল করেনি। কিন্তু জনৈক আবু ছাফা প্রতারণার আশ্রয় নিয়ে আপিল করেছে।

শুনানিতে ড. কামাল আরও বলেন, হাইকোর্ট নির্বাচন কমিশনের ওপর কোনো কিছু চাপিয়ে দেয়নি।

আদালত বলেন, নির্বাচন কমিশন এ রায় গ্রহণ করেছে।

ড. কামাল বলেন, আপিলকারী শিক্ষাগত যোগ্যতার কথা বলে এখন যে যুক্তি তুলছেন তা আপিলের কোথাও উল্লেখ করেননি।

আপিলকারীর পক্ষে শুনানিতে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, একজন প্রার্থীর সবধরনের যোগ্যতা থাকার পরে শিক্ষাগত যোগ্যতা না থাকার বিষয়টি জানাজানি হলে ভোটাররা তাকে অবমূল্যায়ন করতে পারে।

আদালত বলেন, মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে বিচার করবে, ডিগ্রি দেখে নয়।

ব্যারিস্টার সাদাত বলেন, নির্বাচন কমিশন বলছে, প্রার্থীদের আট দফা তথ্য দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের বিধিমালায় কোথায় তথ্য দেওয়ার বিষয় উল্লেখ নেই। তথ্য দেওয়া বাধ্যতামূলক করে হাইকোর্ট নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগ করেছে।

সাদাত আবারও বলেন, কালো টাকার মালিক, ঋণ খেলাপী ও সন্ত্রাসী বিষয়ে আমার কোন বক্তব্য নেই। আপত্তি কেবল শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে। কারণ সংবিধানে বাংলাদেশের নাগরিক ও ২৫ বছর বয়স হলেই প্রার্থী হবার যোগ্যতা র্নিধারণ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে আবু ছাফা আপিল করেছে।

২০০৫ সালের ২৪ মে আবদুল মোমেন চৌধুরীসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আটটি তথ্য নিতে নির্দেশ দেয়। গত ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চট্টগ্রামের সন্দীপের জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই আপিল বিভাগে লিভ-- টু-- আপিল দায়ের করেছিলেন। গত বছর ৬ এপ্রিল আপিল বিভাগ লিভ মঞ্জুর করলেও তখন কোন স্থগিতাদেশ দেয়নি।