সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে এক মাসের আটকাদেশ দিয়েছে আদালত
যৌথ বাহিনীর আটক করা বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে এক মাসের আটকাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
একই সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা এবং জেলহাজতে ডিভিশন বা বিশেষভাবে থাকার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার রাত পৌনে ১১টায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ঘোপের বাড়ি থেকে তাকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে যৌথ বাহিনী সদস্যরা সারা রাত তার বাড়িতে অবস্থান করে। সকালে তিনি সুস্থ হলে সকাল ৮টার দিকে কোতোয়ালি থানায় আনা হয়। এর পর পৌন ১১টার দিকে তাকে যশোরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুনের আদালতে পাঠানো হয়।
তরিকুল ইসলামের কৌঁসুলী জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেন এবং আবেদনের পেরিপ্রেক্ষিতে তাকে চিকিৎসা ও ডিভিশন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তরিকুল ইসলামকে এসময় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুসারে এক মাসের আটকাদেশ দেওয়া হয়।
