জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষর করবে বাংলাদেশ
বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার রাতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনায়েম সাংবাদিকদের জানান, জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে সাক্ষর সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহম্মেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের অনেকেই দেশের বাইরে চলে যায়, তখন কিছুই করার থাকে না। কিন্তু এই কনভেনশনে সাক্ষর করা হলে আন্তর্জাতিকভাবে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
মুনায়েম আরও জানান, দেশের বিদ্যুত সংকট নিরসনের লক্ষ্যে একটি বিস্তারিত প্রতিবেদন
বৈঠকে উপস্থাপন করা হয়। পাশাপাশি দেশের খনিজ সম্পদ (গ্যাস ও কয়লা) সংক্রান্ত একটি প্রতিবেদনও বৈঠকে উপস্থাপন করা হয়।
কিন্তু বিদ্যুত সংকট নিরসনের জন্য আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে বিদ্যুত বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে যৌথভাবে একটি সমন্বিত প্রতিবেদন উপদেষ্টা পরিষদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারটি সরকার গুরুত্ব সহকারে দেখছে এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে প্রায় পাঁচ কোটি টাকার বকেয়া বিদ্যুত বিল আদায় হয়েছে।
আগামী বুধবার সার সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদ একটি বৈঠকে বসবে বলেও মুনায়েম সাংবাদিকদের জানান।
