অবৈধ ভিওআইপি নিয়ে মোবাইল ফোন কোম্পানি ও বিটিটিবি মুখোমুখি
আন্তর্জাতিক টেলিযোগাযোগের অবৈধ ব্যবসার সঙ্গে গ্রামীণ ফোন, বাংলা লিংক ও সিটি সেলের জড়িত থাকার অভিযোগ এনেছে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)। অবশ্য যথারীতি তা অস্বীকার করেছে অভিযুক্ত মোবাইল সংযোগ ব্যবসায়ীরা।
পাল্টা অভিযোগে ফোন কোম্পানিগুলো জানিয়েছে সরকারী এই সংস্থার নীতিমালায় ত্র“টিই অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) ব্যবসাকে রমরমা করতে সাহায্য করেছে।
মোবাইল সংযোগ পরিবেশকদের সঙ্গে বিদেশে অবৈধভাবে ফোন কল ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা আছে-- সন্দেহ টেলিফোন বোর্ডের। আর তার ভিত্তিতেই গত সপ্তাহে ব্যাপারটি তদন্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে তারা আবেদন জানায় টেলিযোগাযোগ খাতের নজরদারির দায়িত্বে থাকা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের কাছে। বোর্ড (ওয়ারলেস শাখা) পরিচালক অশোক কুমার মণ্ডল এ ব্যাপারে একটি অভিযোগ পত্র লেখেন কমিশনের কাছে।
ঢাকায় সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক অবৈধ ভিওআইপি সরঞ্জাম আটক করেছে র্যাব। সেই সঙ্গে “অস্বাভাবিক অংকের” কিছু মোবাইল ফোন বিলও পেয়েছে তারা। লিখিত এক অভিযোগপত্রে বোর্ড উদাহরণ মেনেছে এসব বিলকেই।
র্যাবের অভিযানে আজিমপুরে বাংলা লিংকের একটি নাম্বারে ৫৬ পাতার একটি বিল জব্দ করা হয়। বোর্ডের অভিযোগে আরো উল্লেখ করা হয় সেনা কর্মকর্তাদের আবাসিক প্রকল্প ডিওএইচএস এলাকা থেকে উদ্ধার হওয়া পাঁচশোটি সিটিসেল এবং ২৯১টি গ্রামীন ফোনের সংযোগের অস্বাভাবিক অংকের টেলিফোন বিলের।
অভিযোগে অশোক কুমার মণ্ডল লিখেছেন, “বিটিটিবির গেটওয়েকে বেআইনীভাবে পাশ কাটিয়ে বিদেশে টেলিফোন করার জন্য মোবাইল ফোন নেটওয়ার্কগুলোকে ব্যবহার করছে বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
বিটিটিবির বিশ্বাস এতে কিছু মোবাইল সংযোগদানকারী প্রতিষ্ঠান জড়িত, আর তা তদন্ত করে দেখা জরুরি।”
বেসরকারী খাতের মোবাইল ফোন অপারেটররা স্বাভাবিকভাবেই বোর্ডের এসব মন্তব্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। টেলিকম অপারেটরস বাংলাদেশ সমিতির প্রধান খালিদ হাসান এক প্রতিক্রিয়ায় নফহবংি২৪.পড়সকে বলেছেন, “নব্বই দশকের গোড়ায় বিদেশে ফোন কলের ব্যবসার শুরু হওয়ার সময় থেকেই অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা বিটিটিবির ফোন ব্যবহার করে আসছে।”
তিনি উল্টো বিটিটিবিকে অভিযুক্ত করেছেন সমন্বয়ের ব্যাপারে অস্বীকৃতির গো ধরে থাকার। বাংলাদেশে অবৈধ ভিওআইপি ব্যবসার বিস্তারে এটা একটা বড় কারণ বলে মেনেছেন খালিদ হাসান। বলেছেন, “যদি প্রথম থেকেই বিটিটিবির নেটওয়ার্কে আমাদের পুরো সংযুক্তি থাকত, তাহলে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা কখনোই বাংলাদেশের বাইরে থেকে আন্তর্জাতিক কলের জন্য এই গেটওয়ে ব্যবহার করার সুযোগ পেত না।”
বিটিটিবি চেয়ারম্যান আলীবর্দী খন্দকার অবশ্য স্বীকার করে নিয়েছেন যে তার বিভাগের বেশ কজন ‘অসৎ’ কর্মচারি অবৈধ ফোন ব্যবসার সঙ্গে জড়িত। এর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন বলেও নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন তিনি, “আমরা ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি এবং সঙ্গে সঙ্গে ফোন লাইনগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।”
কিন্তু মোবাইল ফোন কোম্পানিগুলো একই পথে হাটছে না বলে অভিযোগ তার, “ভুয়া গ্রাহকের নামে শ শ কর্পোরেট সংযোগ দিতে তারা ভাবে না। অথচ আমরা একই ঠিকানায় ১০টির বেশি সংযোগ দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক।” একই সঙ্গে গ্রাহকদের ফোন বিলের ব্যাপারটাও নজরে রাখা হয় বলে অভিমত খন্দকারের, “যখন কোনো ফোনবিলে অস্বাভাবিক অংকের টাকা বাড়ে, আমরা সঙ্গে সঙ্গে সেই গ্রাহকের সঙ্গে যোগাযোগ করি আর কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তার সংযোগ বিচ্ছিন্ন করে দিই।”
মোবাইল কোম্পানিগুলো এ অভিযোগেরও প্রতিবাদ জানিয়েছে। সিটিসেলের প্রধান নির্বাহী চাই হুন পিন বলেছেন, “বাংলাদেশে টেলিযোগাযোগ আইন ও নীতিমালা মেনেই আমরা ব্যবসা করছি। কোনো গ্রাহকের সর্বোচ্চ সংযোগ সংখ্যা ও বিলের ব্যাপারে কোনো আইনি ও পরিচালনার বিধিনিষেধ নেই।
আমরা কিভাবে একজন গ্রাহককে একাধিক সংযোগ দিতে অস্বীকৃতি জানাব, কেনইবা কারো সংযোগ বিচ্ছিন্ন করব যদি তার বিল পুরো পরিশোধ করা হয়?”
রোববার গ্রামীন ফোনের জেনারেল ম্যানেজার সৈয়দ ইয়ামিন বখত নফহবংি২৪.পড়স কে বলেছেন, “মনে হয় অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা তাদের ব্যবসায় অবৈধ সিমকার্ড ব্যবহার করছে। যদি কোনো গ্রাহক অসৎ উদ্দেশ্যে তার সিমকার্ড কাজে লাগায় সেটা তো আমরা ধরতে পারব না।” বরং তিনি সুপারিশ করেছেন যেন ভিওআইপি লাইসেন্স দেওয়ার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, “এর ফলে আন্তর্জাতিক ভয়েস চ্যানেলগুলোর সংখ্যা বাড়বে, সেইসঙ্গে বাড়বে সেবার মানও।”
অভিযোগ অস্বীকার করেছে বাংলালিংকও। কোম্পানির পরিচালনা ও আইনি বিষয়ের পরিচালক আলতাফ ফাকিহ রোববার নফহবংি২৪.পড়স কে বলেছেন, “বাংলালিংক সব বিধিবিধান কঠোরভাবে মেনে চলে। কিন্তু কোনো গ্রাহকের সংযোগ ব্যবহারের উদ্দেশ্য আমাদের নিয়ন্ত্রণে নয়।” কোনো অবৈধ টেলিযোগাযোগ স্থাপনার সঙ্গে বাংলালিংকের কোনো ধরণের সম্পৃক্ততাও অস্বীকার করেছেন ফাকিহ।
