২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গভীর রাতে আওয়ামী লীগ নেতাকে আটক

যৌথ বাহিনীর সদস্যরা রোববার গভীর রাতে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুলকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 04:21 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন বাবুলকে রাত ১ টার দিকে নগরীর নন্দন কাননের বাসা থেকে যৌথ বাহিনী আটক করে।

ইব্রাহীম হোসেন বাবুলের ভাগিনা আরিচ মোহাম্মদ শাহ নফহবংি২৪.পড়স- কে জানান, রাত একটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই নেতা কোতোয়ালি থানায় আটক রয়েছেন।

কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই মো. সানাউল্লাহ জানান, তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি চলছে।  তিনি জানান, ইব্রাহীম হোসেন বাবুলের বিরুদ্ধে কোতয়ালি থানায় বর্তমানে কোনো মামলা নেই। 

মহানগর আওয়ামী লীগের এই নেতা ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চট্টগ্রাম-- ৫ (হাটহাজারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি প্রার্থী সাবেক হুইপ ওয়াহিদুল হকের কাছে পরাজিত হন। 

দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ১৯৯৪ সালে গোলাম আযমের সমাবেশকে কেন্দ্র করে একটি মামলা ছিল যেটিতে তিনি বেকসুর খালাস পান। 

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতিকে আটকের খবরে চট্টগ্রাম জজ কোর্টের শতাধিক আইনজীবী সকাল থেকে দুপুর একটা পর্যন্ত কোতোয়ালি থানায় ভিড় করে ছিলেন।