কুষ্টিয়ায় ‘ক্রসফায়ারে’ চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়ায় সদর থানা ও গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় ‘ক্রসফায়ারে’ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বিপ্লবী কমিউনিস্ট পার্টির ‘বাহিনী প্রধান’ শুটার কামাল হোসেন (২৮) নিহত হয়েছে।
রোববার ভোররাতে কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর বাজার সংলগ্ন ব্রিজের কাছে বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ। পরে সেখান থেকে বেশ কয়েক রাউন্ড বন্দুকের গুলি ও বোমা উদ্ধার করা হয়।
নিহত কামালের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী পশ্চিমপাড়া গ্রামে।
নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা টেলিফোনে নফহবংি২৪.পড়স কে জানান, শনিবার দুপুরে চরমপন্থী দলের শুটার ও বাহিনী প্রধান কামালকে মিরপুর উপজেলা হতে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়ার এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে দলের অস্ত্রভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়।
এই তথ্য অনুযায়ী সদর থানা ও গোয়েন্দা পুলিশের দুটি টিম তাকে সঙ্গে নিয়ে শনিবার গভীর রাতে সদর উপজেলার জগন্নাথপুর বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে আগে থেকে অবস্থান নেওয়া চরমপন্থীরা গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা জবাব দিলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টার সময় ‘ক্রসফায়ারে’ পড়ে ঘটনাস্থলেই মারা যায় কামাল।
ডিবি পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ আটটি মামলা রয়েছে।
