২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফৌজদারি আইন সংশোধনের প্রস্তাব দেবে দুদক

দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ফৌজদারী আইন সংশোধন বিধি, ১৯৫৮ সংশোধন করতে সরকারের কাছে প্রস্তাব পাঠাবেদুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

একই সঙ্গে দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিচার ৯ মাসের মধ্যে শেষ করার জন্য সরকারকে ১৯৫৮ সালের ১০ নম্বর আইন এর ৬এ ধারা সংযোজনের প্রস্তাব দেওয়া হবে। যাতে একটি মামলা বছরের পর বছর ধরে চলতে না পারে।

এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সোমবার সাড়ে ১১টায় দুদকের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খানের সভাপতিত্বে কমিশনের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সংশোধনের ক্ষেত্রে  দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৮ এর উপ--ধারা ৩ এর শেষে উপ--ধারা (৪) সংযোজনের কথা রয়েছে। এই আইনের বলে অপরাধের বিচারকার্য ২৭০ দিনের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। একইসঙ্গে  ধারা ২১ এর শেষে ধারা ২১ক ও ২১খ ধারা স্থাপিত করার জন্য বলা হয়েছে।

২১ক ধারায় বলা হয়েছে,“এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, ইহার তফসিলে বর্ণিত অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিবর্গকে কমিশনের সুপারিশে জেলা ম্যাজিষ্ট্রেট ৩০ দিনের আটকাদেশ প্রদান করিতে পারবেন।”

২১খ ধারায় বলা হয়েছে,“গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এ যা কিছুই থাকুক না কেন এই আইনের তফসিলে বর্ণিত অপরাধের অভিযোগে কমিশন কর্তৃক তদন্তে প্রমানিত হইলে এবং তাদের চাকুরী ১৫ বৎসর হইলে অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিবর্গকে বাধ্যতামুলক অবসর প্রদান করা যাইবে।”

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর “তফসিল” এ বর্ণিত (ঘ) অনুচ্ছেদের শেষে (ঙ) আমদানী এবং রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ এর অধীন অপরাধসমূহ। (চ) কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ১৫৬ ধারার অধীনে অপরাধসমূহ। (ছ) এন্টি--মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২ এর অধীনে অপরাধসমূহ। (জ)পাসপোর্ট (অপরাধ) আইন, ১৯৫২, (ঝ) পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ এবং (ঞ) বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭  এই অনুচ্ছেসমূহ সন্নিবেশিত করার জন্য সুপারিশ করা হবে।

এছাড়াও সাবেক দুর্নীতি দমন ব্যুরোর বিলুপ্ত কিছু কিছু আইন পুনরায় চালু করার সুপারিশ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমন কমিশনকে সচল করতে আইনগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা চিহ্নিত করতে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে আহ্বায়ক করে ২৪ জানুয়ারি ৭ সদস্য বিশিষ্ট একটি পরামর্শক কমিটি গঠন করে। ওই কমিটিকে দুই সপ্তাহের মধ্যে দুদক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।