একুশে টিভির পুনঃসম্প্রচারের দাবিতে রিট, হাইকোর্টের রুল
একুশে টেলিভিশনকে স্যাটেলাইট ও টেরিস্টিরিয়াল উভয় মাধ্যমে পুনঃসম্প্রচারের অনুমতি কেন দেওয়া হবে না তার কারণ দেখাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামের দায়ের করা রিট মামলার পরিপ্রেক্ষিতে রোববার এই আদেশ দেয়।
একইসঙ্গে আদালত একুশে টিভিকে ফ্রিকোয়েন্সি বরাদ্দ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তার জবাব দিতে বলেছে।
এছাড়া ঢাকার রামপুরা, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও নাটোরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার টাওয়ারের সঙ্গে একুশে টিভির সংযোজিত বিভিন্ন যন্ত্রপাতি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিটিভির টাওয়ার এলাকাতে একুশে টিভির বৈধ প্রতিনিধিদের প্রবেশের অনুমতি দিতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তারও জবাব দিতে বলেছে হাইকোর্ট।
আইন সচিব, তথ্য সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বিটিভির মহাপরিচালক, মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই রুলনিশির জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে একুশে টিভি স্যাটেলাইট ও টেরিস্টিরিয়াল মাধ্যমে সম্প্রচার শুরু করে। ২০০১ সালে এক রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ও আপিল বিভাগ একুশে টিভির লাইসেন্স বাতিল করে। তবে আপিল বিভাগ একুশে টিভির রিভিউ আবেদন নিষ্পত্তির সময় অভিমত দিয়েছিল, নতুন আবেদনের পরিপ্রেক্ষিতে একুশে টিভির লাইসেন্স আবেদন বিবেচনা করতে কোনও বাধা নেই।
আবেদনে আরও বলা হয়, ২০০২ সালের ২৯ আগস্ট সরকার একুশে টিভির ফ্রিকোয়েন্সি বাতিল করে দেয়। এরপর ২০০৩ সালের ৭ জুন বিটিআরসি একুশে টিভির লাইসেন্সের আবেদন খারিজ করে। বিটিআরসির ওই আদেশের বিরুদ্ধে একুশে টিভি হাইকোর্টে রিট মামলা দায়ের করলে আদালত এক মাসের মধ্যে একুশে টিভিকে ফিকোয়েন্সি বরাদ্দ ও লাইসেন্স দেওয়ার জন্য বিটিআরসির প্রতি নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আবেদন করে। এই আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় একুশে টিভি তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলে মন্ত্রণালয় ২০০৫ সালের ১১ এপ্রিল একুশে টিভিকে পুনঃসম্প্রচারের অনুমতি দেয়। কিন্তু বিটিআরসি আগেই একুশে টিভির ফ্রিকোয়েন্সি বাতিল করায় একুশে টিভি পুনঃসম্প্রচারে যেতে পারেনি। এ পরিপ্রেক্ষিতে একুশে টিভি বিটিআরসির কাছে ফ্রিকোয়েন্সি বরাদ্দের একাধিক আবেদন করলেও ইতিবাচক কোনও জবাব পায়নি।
আবেদনকারী পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার শফিক আহমেদ। তাকে সহায়তা করেন এডভোকেট মোজাম্মেল হক।
