২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পচা গম মাটি চাপা দিয়ে রেখেছিল আবুল খায়ের গ্রুপ

যৌথবাহিনী চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের বিপুল পরিমাণ পচা গম মাটিচাপা দেওয়ার ঘটনা উদঘাটন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 10:08 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শনিবার দুপুরে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- থানার মাদাম বিবির হাট এলাকায় আবুল খায়ের স্টিল মিলে অভিযানের সময় যৌথবাহিনী মাটিচাপা দেওয়া গমের সন্ধান পায়।  

প্রত্যক্ষদর্শী ও সেনা সূত্র জানায়, স্টিল মিল সংলগ্ন পতিত জমিতে এসব গম মাটিচাপা দেওয়া হয়। এছাড়া মিল কম্পাউন্ডের ভিতরের পুকুরে ও পাশের ডোবাতেও বিপুল পরিমাণ গমের বস্তা ফেলে দেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। তবে কাউকে আটক করা হয়নি। 

শনিবার অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের পতিত জমি খুঁড়ে নষ্ট গম দেখান যৌথবাহিনীর সদস্যরা। তারা পুকুর থেকেও পচা ও নষ্ট গম ভর্তি কয়েকটি বস্তা তোলেন।     

এলাকাবাসী জানায়, ট্রাকে করে গত কয়েকদিন ধরে গম বোঝাই বস্তা এনে মাটি চাপা দেওয়া হয়। কিছু ফেলে দেওয়া হয় পুকুর ও ডোবায়।

আবুল খায়ের স্টিল মিলের প্রশাসনিক কর্মকর্তা মাসুম আহমেদ গম মাটি চাপার ঘটনা স্বীকার করেন। তিনি দাবি করেন যেসব গম পচে যায় সেগুলো নিয়মিত মাটি চাপা দিয়ে তার নষ্ট করে থাকেন।

তিনি আরও দাবি করেন, উদ্ধার করা গম বুধবার মাটিচাপা দেওয়া হয়েছে। এগুলোর পরিমাণ ১৫ থেকে ২০ বস্তার বেশি নয়।

মাসুম আহমেদ জানান, এসব পণ্য স্মাইল ফুড প্রডাক্টসের। আবুল খায়ের গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে। এখন সে প্রতিষ্ঠানের গম নষ্ট করা হচ্ছে।

গত সপ্তাহে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম নগরীর ভিক্টরিয়া জুট মিলের গুদামে আবুল খায়ের গ্রুপের বিপুল পরিমাণ পচা গম আটক করে যৌথবাহিনী।