চাঁপাইনবাবগঞ্জে হাজতির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের হাজতি শাহজাহান (৫৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে মারা গেছেন।
তার বাড়ি গোমস্তাপুর উপজেলার বাচ্চামারী নাদিরাবাদ গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোশাররফ হোসেন জানান, ২০০৬ সালের ২০ জুলাই থেকে জেলা কারাগারে থাকা হত্যা মামলার আসামী শাহজাহান শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা হচ্ছে জানালে তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাজউদ্দিন আহমেদ জানান, শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
