২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৭০

ঘন কুয়াশার কারণে সিরাজগঞ্জ, কুমিল্লা ও পাবনায় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 02:22 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

নফহবংি২৪.পড়স এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ও বৃহস্পতিবার রাতে আলাদা সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে জেলার হাটিকুমরুল-- বনপাড়া মহাসড়কের ১০নং ব্রিজের কাছে সাথী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় অপর একটি বাস ও একটি ট্রাক দুর্ঘটনাকবলিত বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়।

অপরদিকে ভোর ৫টার দিকে বগুড়া-- নগরবাড়ী সড়কের দাতিয়া দীঘর এলাকায় বগুড়া থেকে পাবনাগামী একটি আলুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বগুড়ার কাহালু উপজেলার আলু ব্যবসায়ী খালেক (২৮) ও সুমন (২২) ঘটনাস্থলে মারা যান। আহত হয় আরও পাঁচ আলু ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ--হাটিকুমরুল--তাড়াশ মহাসড়কের ভেংরী এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় স্বাস্থ্য পরিদর্শক নুর মোহাম্মদের (৩৫) মৃত্যু হয়।

একই রাতে যমুনা সেতু পশ্চিম পাড়ের সংযোগ সড়কের ঝাঐল ব্রিজের কাছে যমুনা সেতুর রক্ষণাবেক্ষণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান কোম্পানির একটি জিপের ধাক্কায় হাসিনুর (৩৪) নামে এক মোটর সাইকেল আরোহী মারা যান। হাসিনুর কামারখন্দ উপজেলার এনজিও এনডিপির কর্মকর্তা।

এ ছাড়া জেলার কামারখন্দ উপজেলার বাগবাড়ি ও ভদ্রঘাট ও সিরাজগঞ্জ হাটিকুমরুল সড়কে আরও তিনটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। কড্ডা ফাঁড়ির সার্জেন্ট ইফতেখার, হাটিকমরুল পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মেহেদী হাসান, সলঙ্গা থানার ওসি বিমান কুমার দাস, তাড়াশ থানার ওসি আফজাল হোসেন এবং রায়গঞ্জ থানার ওসি হায়দার আলী মোল্লা দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।

আহতদের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক।

কুমিল্লা প্রতিনিধি জানান, জেলায় দুটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে ছয় জন মারা গেছে।

ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে  বেগমগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঝর্ণা আক্তার (৩৮), সোহেল (২০) ও সুরভি (৪) ও মাইক্রোবাস চালক আবুল বাশার মারা যান। ঝর্ণা, সোহেল ও সুরভী একই পরিবারের সদস্য। কুমিল্লা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। কাভার্ড ভ্যান চালক পলাতক।

এদিকে দাউদকান্দিতে বাস ও নসিমনের (শ্যালো মেশিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হন। নিহতদের একজন মোস্তফা। আরেকজনের পরিচয় জানা যায়নি।

পাবনা প্রতিনিধি জানান, শুক্রবার সকালে দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

পাবনা পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ আলম নফহবংি২৪.পড়স  কে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাবনা--নগরবাড়ী মহাসড়কের বেড়া সিএন্ডবি বাজারের কাছে ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যালসের একটি কাভার্ড ভ্যান ও বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এর পরপরই দ্রুতগামী একটি ট্রাক দুঘটনাকবলিত যান দুটিকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের ফুটপাতে উঠে কয়েকটি দোকান গুড়িয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ভাপা পিঠা ব্যবসায়ী জনি (২৫), মাছ বিক্রেতা মিজানুর রহমান (২০), মইদুল ইসলাম (২২) ও অজ্ঞাতপরিচয় দুই পথচারী নিহত হয়। নিহতদের বাড়ী বেড়া উপজেলার সানিলা শাহপাড়া গ্রামে।

এ সময় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। তাদের বেড়া, রাজশাহী ও পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বেড়া থানায় মামলা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।