ঘুষ কেলেঙ্কারিতে পতিত তিন পুলিশ কারাগারে
১৫ লাখ টাকা ঘুষ লেনদেনের সময় যৌথবাহিনীর হাতে ধরা পড়া তিন পুলিশ কর্মকর্তা ও আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বহুল আলোচিত এই ঘুষ কেলেঙ্কারির তদন্তকারী পুলিশ কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানাননি বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে কড়া পুলিশ প্রহরায় অভিযুক্তদের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবীর জামিন আবেদন নাকচ করে দিয়ে তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন পুলিশ কর্মকর্তাসহ আসামিদের ফতুল্লা থানা থেকে ম্যাজিস্ট্রেট আদালতে এবং সেখান থেকে জেলা কারাগারে নেওয়ার সময় শত শত উৎসুক মানুষ ভিড় জমায়। তারা ঘুষখোর ও দূর্নীতিবাজ কর্মকর্তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সোগান দেয়। পুলিশ এসময় আসামিদের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেয়।
এর আগে বুধবার রাতে র্যাব--১১ এর উপ--সহকারি পরিচালক আবু সাদেক বাদী হয়ে মামলার এজাহার লিখে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করীমের কাছে পাঁচ আসামিকে হস্তান্তর করেন।
র্যাবের এজাহারে বলা হয়, সাড়ে ১৯ কোটি টাকার ভেজাল গম আটকের ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা হয়। ওই মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত এবং মূল অপরাধীকে বাঁচানোর জন্য ফতুল্লা থানার ওসির সঙ্গে আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তার গোপন সমঝোতা হয়। ডিজিএফআই এবং র্যাবের গোয়েন্দারা গোপন সূত্রে এ তথ্য জানতে পারেন।
পরে ঘুষ লেনদেনের সময় ১৫ লাখ টাকাসহ ফতুল্লা থানার ওসি আশরাফ উল ইসলাম, এস আই এনামুল হক ও মিরাজ আল মাহমুদ এবং আবুল খায়ের গ্র“পের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও জাকির হোসেনকে যৌথবাহিনী আটক করে।
বুধবার রাতে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা তিন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করীমের উপস্থিতিতে ফতুল্লা থানায় হস্তান্তর করে চলে যান। পরে থানার প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়।
থানার কয়েজন পুলিশ নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওই তিন পুলিশ কর্মকর্তাকে থানা হাজতে অন্য আসামিদের সঙ্গে না রেখে থানা কম্পাউন্ডের ভেতর একটি বাসায় আরাম--আয়েশে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে তিন পুলিশ কর্মকর্তাকে একটি গাড়িতে এবং অপর একটি গাড়িতে আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সাংবাদিকরা যাতে ওই তিন পুলিশ কর্মকর্তার ছবি তুলতে না পরে সেজন্য পুলিশ তাদের বহনকারী গাড়ির চারপাশ ঘিরে রাখে। তবে আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তার ছবি তুলতে পুলিশ বাধা দেয়নি।
অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার পক্ষে আদালতে জামিন প্রার্থনা করেন অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু এবং অ্যাডভোকেট হাসান।
