ওরিয়েন্টাল ব্যাংকের কর্মকর্তাদের রিটের শুনানি সোমবার পর্যন্ত মূলতবি
অর্থ কেলেংকারীর অভিযোগে ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি সোমবার পর্যন্ত মূলতবি করেছে হাইকোর্ট। আদালত তাদের গ্রেপ্তার না করার সময়সীমাও সোমবার পর্যন্ত বাড়িয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চে বৃহস্পতিবার শুনানি শুরু হয়। এরপর এই দ্বৈত বেঞ্চ শুনানি আগামী সোমবার পর্যন্ত মূলতবি ঘোষণা করে।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান তিন কর্মকর্তা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউদ্দিন, নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান এবং সাবেক কর্মকর্তা ও বর্তমানে ওয়ান ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবু জাফর রিট মামলাটি দায়ের করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার কার্যক্রম অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুলনিশি জারি করে হাইকোর্ট।
হাইকোর্ট এর আগে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিল। এই সময়সীমা সোমবার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত।
আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, মামলা দায়েরের পূর্বে কমিশনের অনুমোদন নেওয়ার প্রয়োজন হলেও তা নেওয়া হয়নি। তা ছাড়া প্রতারনার অভিযোগে কমিশন কারো বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে না।
তিনি আরো যুক্তি দেখান, এই ব্যাংকের কর্মচারীরা সরকারি কর্মচারীর সংজ্ঞায় পড়ে না।
শুনানির সময় কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও এএফ হাসান আরিফ ।
