নিয়মনীতির তোয়াক্কা না করে সিরাজগঞ্জে শ’ শ’ বিলবোর্ড
সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ও রাজস্ব না দিয়ে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক, সিরাজগঞ্জ-- হাটিকুমরুল গোলচত্বর, হাটিকুমরুল থেকে বনপাড়া, বগুড়া ও বাঘাবাড়িসহ জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোর দুই পাশে অসংখ্য বিল বোর্ড স্থাপন করা হয়েছে।
অভিযোগ আছে, যমুনা সেতু চালুর পর ঢাকার বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা স্থানীয় প্রভাবশালী এবং সড়ক ও জনপদ বিভাগের অসাধু কর্মকর্তাদের হাত করে এসব বিলবোর্ড স্থাপন করেছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ৯০ ফুটের মাঝে বিলবোর্ড স্থাপনে কড়াকড়ি রয়েছে। মহাসড়কের নির্দিষ্ট সীমার বাইরে প্রতি বর্গফুট বাণিজ্যিক--আলোকিত বিজ্ঞাপনের জন্য ২৫২ টাকা ও অনালোকিত--বিজ্ঞাপনের জন্য ১৫০ টাকা সরকারিভাবে ধার্য করা আছে। এ ছাড়া বাণিজ্যিক বিলবোর্ড স্থাপনের আগে স্থানীয় সড়ক অফিসের সুপারিশ নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়।
অভিযোগ আছে, এসব নিয়মের কারণে বিজ্ঞাপনী সংস্থাগুলো যথাযথ প্রক্রিয়ায় না গিয়ে সরাসরি স্থানীয় পর্যায়ের প্রভাবশালী কর্মকর্তাদের “ম্যানেজ” করার পথ বেছে নিয়েছে।
যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল মোড়, চান্দাইকোণা, সাহেববাজার, নিমগাছি, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, বাঘাবাড়িসহ মহাসড়কের বিভিন্ন স্থান সরেজমিন ঘুরে দেখা গেছে, এসব এলাকায় ব্যাঙের ছাতার মতো পাঁচ শতাধিক বিলবোর্ড তৈরি করা হয়েছে।
এর মধ্যে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রয়েছে প্রায় ৫০টি বিলবোর্ড। এসব বিলবোর্ড ঢাকার বিজ্ঞাপন কোম্পানির স্থানীয় প্রতিনিধি হিসেবে ইউপি চেয়ারম্যান মতিন সিদ্দিকী, শ্রমিক নেতা আব্দুস সাত্তার, মান্নান, সেলিম, মেহেদী হাসান লিটন, মোকছেদ আলী ও কনফিডেন্স হোটেলের মালিক জাহাঙ্গীর হোসেন, বকুল, বাবলু, বুলবুল এবং নাইটিঙ্গেল হোটেলের মালিক মাহমুদুল হক, গোলবার মাস্টার, হাজী ইমান আলী, হাজী নুরুল ইসলাম, আলাউদ্দিন প্রমুখ দেখভাল করছেন।
এগুলোর মধ্যে মাত্র চারটি বিলবোর্ডের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি আছে।
সড়ক ও জনপদ সূত্রে জানা গেছে, প্রতি বর্গফুট বিলবোর্ডের বাৎসরিক ভাড়া ১১৮ টাকা হিসাবে সিরাজগঞ্জ জেলার প্রায় পাঁচশ বিশালাকৃতির বিলবোর্ডের ভাড়া দাঁড়ায় বছরে প্রায় ২০ কোটি টাকা। যার পুরোটাই হাতিয়ে নিচ্ছে অবৈধ স্থাপনকারীরা।
হাটিকুমরুল গোলচত্বর এলাকার তেল ব্যবসায়ী মোজাম্মেল হোসেন তার দোকানের পিছনে স্থাপিত বাংলালিকের বিজ্ঞাপন বিলবোর্ডের বিষয়ে জানান, “আমি বছরে ১ লাখ ২০ হাজার টাকায় দুইটি বিলবোর্ড ভাড়া দিয়েছি। সরকারকে রাজস্ব দিতে হয় কিনা-- সে বিষয়ে আমার জানা নেই। এটা ঢাকার বিজ্ঞাপন কোম্পানির বিষয়।”
হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান মতিন সিদ্দিকী অবৈধ দখল নিয়ে বিলবোর্ড স্থাপনের বিষয়ে বলেন, ঢাকার বিজ্ঞাপন কোম্পানি ভাড়া নিয়েছে, তাদের বিষয়ে আমি তেমন কিছু জানি না। তারা বছরে আমাকে দুটি বিলবোর্ডের জন্য ৫০ হাজার টাকা দেয়।
নাইটিঙ্গেল হোটেলের মালিক মাহমুদ হাসান পাল্টা প্রশ্ন করেন, “আমার জায়গায় আমি বিলবোর্ড করেছি। সরকারের আবার অনুমতি লাগবে কেন ?”
উল্লেখ্য, তিনি হোটেলের সামনে সরকারি জায়গায় চারটি এবং হোটেলের ওপরে একটি বিলবোর্ড স্থাপন করেছেন।
এদিকে ঢাকার সিটিকম বিজ্ঞাপন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মোবাইল ফোনে জানান, ৭০ ফুট ী ৩০ ফুট বিলবোর্ডের জন্য তারা বহুজাতিক কোম্পানির কাছ থেকে বছরে ৪ থেকে ৫ লাখ টাকা ভাড়া নেন।
সওজ বিভাগের অনুমোদনের বিষয়ে তিনি বলেন, এলাকাবাসী ও সওজ বিভাগের অসুবিধা দেখার দায়িত্ব আমাদের না।”
প্রসঙ্গত, মহাসড়কগুলোর দুই পাশে ও ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা নয়নাভিরাম বিজ্ঞাপন দৃশ্যে অনেক সময় চালকরা দৃষ্টিভ্রমের শিকার হন। সড়ক দুর্ঘটনার এটি একটি বড় কারণ বলে মনে করেন এলাকাবাসী।
সড়ক ও জনপথ সূত্র জানায়, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় গোলচত্বর এলাকায় বিলবোর্ড স্থাপনের জন্য ঢাকার “ইমপ্যাক্ট অ্যাডভারটাইজিং লিঃ” -- এর মালিক শফিউল আলম ৭০ ফুট ী ৩৫ ফুট এবং ৪০ ফুট ী ২০ ফুটের ২টি বিল বোর্ডের জন্য তিন বছরের অস্থায়ী ইজারা পেয়েছেন। ইতিমধ্যেই ওই বিজ্ঞাপন কোম্পানি এক বছরের জন্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা দিয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তবে তাদের স্থাপন করা বিলবোর্ডও নিয়ম ভেঙে মহাসড়ক থেকে মাত্র ১৫ দূরত্বে স্থাপন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকার “ব্লু ওশান অ্যাডভার্টাইজিং কোম্পানির” মালিক এম মাসুদ রানা ৯ মিটার ী ৩ মিটার এবং ১০ মিটার ী ৫ মিটারের দুটি বিলবোর্ডের জন্য গত বছর যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছেন। কিন্তু এখনও সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি হয়নি।
অবৈধ বিলবোর্ড স্থাপনকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি-- জানতে চাইলে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু রওশন নফহবংি২৪.পড়স --কে বলেন, “সংস্থার প্রয়োজনীয় বরাদ্দ, জনবল ও যন্ত্রাংশ না থাকার সুযোগে ব্যাঙের ছাতার মতো বিলবোর্ড তৈরি করা হচ্ছে। অতীতে একবার সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু পরে আরও বেশি তৈরি হয়েছে।”
সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তার দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, “এখানে নতুন আসায় আমি বিষয়টি সম্পর্কে বলতে পারছি না।”
তিনি আরও বলেন, “ইতিমধ্যেই অবৈধ বিলবোর্ড স্থাপনকারীদের নোটিশ দেওয়া হয়েছে। যদি এক সপ্তাহের মধ্যে তারা নিজ উদ্যোগে সরিয়ে না নেয় তাহলে যৌথবাহিনীর সহায়তায় সেগুলো ভেঙে ফেলা হবে।”
