২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন কাজের অনিয়ম তদন্তে চার কমিটি

সরকারের উন্নয়ন কাজে কোনো অনিয়ম হচ্ছে কিনা তা দেখতে এবং আগের অনিয়ম তদন্ত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন চারটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রতিটি কমিটি ৩ সদস্যবিশিষ্ট। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ এ ব্যাপারে একটি আদেশ জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 07:27 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্প পরীক্ষা-নিরীক্ষার জন্য গঠিত কমিটির আহ্বায়ক হলেন স্থানীয় সরকার বিভাগের তদারকি ও মূল্যায়ন টিমের পরিচালক। খুলনা ও বরিশাল বিভাগের জন্য স্থানীয় সরকার বিভাগের একজন যুগ্ম সচিব (প্রশাসন) এর নেতৃত্বে গঠিত হয়েছে কমিটি। ঢাকা বিভাগের জন্য গঠিত কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (উন্নয়ন) এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হলেন স্থাানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পাঁচ)।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কমিটি স্থানীয় সরকার বিভাগের অধীন সিটি কর্পোরেশন, ওয়াসা, এলজিইডি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন করবে।

এছাড়া কমিটি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিধিবিধান যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না তা পরীক্ষা করবে। পাশাপাশি কাজের অগ্রগতি, গুণগত মান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ তদারকি করছে কি না তাও পর্যবেক্ষণ করবে কমিটি।

পর্যবেক্ষণ শেষে কমিটি বিস্তারিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে দাখিল করবে। কবে নাগাদ দাখিল করতে হবে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ বলে দেয়া হয়নি কমিটিকে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিগত জোট সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাপারে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু রাজনৈতিক চাপের কারণে সেসময় স্থানীয় সরকার বিভাগ এসব অভিযোগের কোনো তদন্ত করতে পারেনি।

বর্তমান সরকার আমলে সব ধরনের রাজনৈতিক চাপ মুক্ত থাকায় এসব প্রকল্পে ইতোমধ্যে উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও অনিয়ম খতিয়ে দেখতে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ চারটি কমিটি গঠন করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।