২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের জেলা প্রশাসক, সেনা কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদ ভাঙায় ও ক্লিনিক ভাঙার হুমকি দেওয়ায় গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান ও কালিয়াকৈর সেনাক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন বাশারসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার রফিক উল হক ও তার স্ত্রী ডা. ফরিদা হকের দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করে।

এ রায়ে আদালত আগামী ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে সশরীরে হাজির হয়ে গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমদ, ক্যাপ্টেন বাশার, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরীফউদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের এসডিও তুষার কান্তি সাহা ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন এর বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না তার জবাব দিতে বলেছে।

আদালত অবমাননার আবেদনে বলা হয়, গাজীপুরের কালিয়াকোয়ের চন্দ্রা মোড়ের সুবর্ণ মসজিদ ও সুবর্ণ ক্লিনিক না ভাঙার জন্য হাইকোর্ট ৩১ জানুয়ারি গাজীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

হাইকোর্টের এ আদেশ সংশ্লিষ্টদের দেখানোর পরও তারা মসজিদটি ভেঙে দেন এবং ক্লিনিকটি ভাঙার হুমকি দেন।

তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যও করেন।

আবেদনে বলা হয়, ব্যারিস্টার রফিক উল হক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে দাতব্য ক্লিনিকটি পরিচালনা করছেন। তারা কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই মসজিদ ও ক্লিনিক নির্মাণ করেন।

আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ফাহিম উল হক।