চট্টগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রাম, ঠাকুরগাঁও এবং সিরাজগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ চারজন নিহত হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রাম -বাঁশখালী পিএবি সড়কের বৈঁলগাও এলাকায় সকাল সাতটায় একটি বাসকে পাশ কাটাতে গিয়ে একটি চান্দের গাড়ি (জিপ) খাদে পড়ে গেলে হেলাল উদ্দিন (২৫) নামে এক ব্যক্তি মারা যান। তার বাড়ি বাহারছড়া ইউনিয়নে। দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন।
আহতরা হচ্ছেন দিদারুল আলম (২১), জামাল উদ্দিন (৪২), মো. শাহজাহান (৩৪), নেজামউদ্দিন (১৪) ও মো. সেলিম (৪৩)।
এদের মধ্যে দিদারুল আলককে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার এসআই আবদুর রকিব জানান, জিপটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, দুপুরে শহর থেকে চার কিলোমিটার দূরে মিনিবাসের চাপে পিষ্ট হয়ে ইয়াকুবপুর গ্রামের সুভা রামের ছেলে অপূর্ব (৬) নিহত হয়। এ ছাড়া দিনাজপুর-- ঠাকুরগাঁও সড়কের খোচাবাড়ি নামক স্থানে ট্রাকের চাপায় সদর উপজেলার গৌরীপুর গ্রামের সোলেমান আলীর ছেলে সাইকেল আরোহী আশরাফুল (১৮) ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনা সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়ক নলকা এলাকায় সকাল ১০ টার দিকে পাবনা থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে দুখু মন্ডল (৩০) নামে এক রিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাড়ি কামারকন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামে।
