২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বচ্ছ ব্যালট বাক্স দিতে আগ্রহী ইইউ

আসন্ন সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়ার ব্যাপারে আগ্রহ   দেখিয়েছে ইউরোপীয় কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 05:05 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন কমিশন পুর্নগঠনের পর কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, সহযোগিতার স্বাক্ষর হিসেবে ইউরোপীয় কমিশন স্বচ্ছ ব্যালট বাক্স দিতে চায়। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি জানান, সরকার এখন খতিয়ে দেখছে যে ব্যালট বাক্স দেশের বাইরে থেকে আসবে নাকি দেশেই তৈরি হবে। নির্বাচন কমিশন পুনর্গঠনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কূটনীতিবিদদের তৎপরতা সম্পর্কে ইফতেখার আহমদ চৌধুরী বলেন, “বিশ্বের প্রতিটি দেশই বাংলাদেশের বন্ধু। অনাহুতভাবে আমাদের দেশের কোনো বিষয়ে তাদের জড়িয়ে পড়া বাঞ্ছণীয় নয়। তারা নিজেরাও সেটা চায় না এবং দেশের জনগণও সেটা চায় না।”

কূটনৈতিক তৎপরতা বাড়ানোর জন্য সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “আগামী ছয় মাসের মধ্যে ঢাকায় স্পেনের দূতাবাস খোলা হচ্ছে। এ ছাড়াও মেসিডোনিয়া এবং স্যান মেরিনোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে সরকার।”

অল্প কিছুদিনের মধ্যেই একজন পররাষ্ট্র সচিব নিয়োগ করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, এপ্রিলে দিল্ল¬ীতে অনুষ্ঠেয় চর্তুদশ সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী ঢাকায় আসবেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দীন আহমদ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্ল¬ী যাবেন কিনা জানতে চাইলে ইফতেখার আহমদ চৌধুরী বলেন, “এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।”

আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস চালুর বিষয়ে তিনি বলেন, “নিরাপত্তার বিষয়টি এখনও যুদ্ধবিদ্ধস্ত দেশটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা ভেবে দেখা হবে।”

উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উপরও গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে জনগণের মতামতের গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়াও গণমাধ্যমে যেসব সমস্যা উঠে আসছে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানান তিনি।

বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া অপরাধীদের সরকার দেশে ফিরিয়ে আনতে কোন পদক্ষেপ নেবে কিনা প্রশ্ন করা হলে ইফতেখার আহমদ চৌধুরী বলেন, “এ ব্যাপারে এখন পর্যন্ত সুস্পষ্ট কিছু জানা নেই। এক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে ইফতেখার আহমদ চৌধুরী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার পদক্ষেপ নেবে। এক্ষেত্রে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারত একটি মুখ্য অংশ বলে মন্তব্য করেন তিনি।