২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ

চট্টগ্রামে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে গরম পানি পড়ে এক নবজাতক ঝলসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নবজাতকের বাবা ব্যবসায়ী আব্দুল আলীম চৌধুরী চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোববার রাতে কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। নিজাম রোডে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালের চেয়ারম্যান ডা. একিউএম মহসীন ও ব্যবস্থাপনা পরিচালক ডা. ফজলুল হককে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 02:07 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে গরম পানি পড়ে এক নবজাতক ঝলসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নবজাতকের বাবা ব্যবসায়ী আব্দুল আলীম চৌধুরী চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোববার রাতে কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। নিজাম রোডে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালের চেয়ারম্যান ডা. একিউএম মহসীন ও ব্যবস্থাপনা পরিচালক ডা. ফজলুল হককে আসামি করা হয়েছে। কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক সনত কান্তি দাশ মামলা করার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, সোমবার বিকালে ওই হাসপাতালের একজন আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, সংশ্লিষ্টদের চরম অবহেলায় নবজাতক ছেলেটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভূমিষ্ট হওয়ার পর পরই পোস্ট অপারেটিভ রুমে বাচ্চার পরিচর্যা করার সময় সেখানে উত্তপ্ত গরম পানি পড়ে তার শরীরে। এতে বাচ্চাটির পিঠ, বাম হাত ও বাম উরু ঝলসে গেছে। অভিযোগে আরও বলা হয়, গত ২১ ডিসেম্বর আবদুল আলিম চৌধুরী তার স্ত্রী রওশন আরা চৌধুরীকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করেন। পরদিন তিনি সুস্থ সবল একটি ছেলে সন্তান প্রসব করেন। ভূমিষ্ঠ নবজাতককে ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টরা পরিচর্যার জন্য পোস্ট অপারেটিভ রুমে নিয়ে গিয়ে এক ঘন্টা পর মায়ের কেবিনে নিয়ে আসেন। তখন দেখা যায় শিশুর শরীরের বিভিন্ন অংশ ঝলসানো। এ নিয়ে বাচ্চার অভিভাবকরা ডাক্তারদের সঙ্গে আলাপ আলোচনার এক পর্যায়ে বেরিয়ে আসে দায়িত্ব অবহেলার বিষয়টি। আব্দুল আলীম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে শিশুটি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফরুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলেও শরীরে স্থায়ী পোড়া দাগ থেকে যেতে পারে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মেট্রোপলিটন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের কেউ কথা বলতে চাননি। ব্যবস্থাপনা পরিচালক ডা. ফজলুল হকের মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৪২ ঘ.