খুলনা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি চাঁদাবাজি মামলায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার তাকে খুলনা মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
একই আদালত আর একটি মামলার আসামি খুলনা সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহেরের বাড়ির মাল ক্রোকের নির্দেশ দিয়েছে।
মেয়র তৈয়েবুর রহমানের জামিন চেয়ে তার আইনজীবী অ্যাডভোকেট নুরুল হাসান রুবা আদালতে আবেদন জানান। মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান আবেদন নামঞ্জুর করেন।
২ নভেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দুই লাখ টাকার চাঁদাবাজির মামলাটি করেন নগরীর সান্ধ্য বাজারের ব্যাসায়ী আব্দুল কুদ্দুস।
অপরদিকে একই আদালতে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা পলাতক সরদার আবু তাহেরের বাড়ীর মামলামাল ক্রোকের নির্দেশ দিয়েছে।
মেয়র ও জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে করা প্রথম চাঁদাবাজি মামলায় এ নির্দেশ দেয় আদালত। মামলাটি করেন সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মিউনিসিপ্যাল সার্ভিস প্রজেক্ট কর্মকর্তা এস এম হাফিজুর রহমান।
মেয়রের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হাসান রুবা জানান, শেখ তৈয়েবুর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। যে কারণে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো প্রয়োজন। তাকে যেন ঢাকায় পাঠানো হয় সেজন্য বুধবার আদালতে আবেদন করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে মেয়র হার্টের সমস্যায় ভুগছেন। এছাড়াও তার বাতের সমস্যা আছে।
মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির ১১টি মামলা আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএসবি/১৮৩৫ ঘ.
bdnews24