বরিশাল, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপালী ব্যাংক নথুল্লাবাদ শাখায় ঋণ কেলেঙ্কারীর মামলায় ঠিকাদার সৈয়দ মো. ইউনুচ ওরফে টিউবয়েল ইউনুচকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইউনুচকে জিজ্ঞাসাবাদের জন্য দুনীতি দমন কমিশনের উপ-পরিচালক এ কে এম ফজুলল হকের আবেদন জানালে রোববার সন্ধ্যার পর বরিশালের মুখ্য বিচারিক হাকিম মো. মাইন উদ্দিন ইসলাম অনুমতি দেন।
সোমবার দুদকের উপ-পরিচালক এ কে এম ফজুলল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশের কপি আমি এখনও হাতে পাইনি।"
তিনি জানান, আদেশের কপি পাওয়ার পর চলতি সপ্তাহের যে কোন দিন জেলগেটে ইউনুচকে জিজ্ঞাসাবাদ করা হবে।
রূপালী ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতারণার মাধ্যমে ইউনুচের স্ত্রী জান্নাতুল ফেরদৌস নয়ন আম্বিয়া ম্যামোরিয়াল হসপিটালের জন্য ঋণের আবেদন করেন। এ আবেদন যাচাই-বাছাই না করেই রূপালী ব্যাংকের নথুল্লাবাদ শাখা থেকে হসপিটালের অনুকূলে ২৪ কোটি টাকা ঋণ দেয়া হয়।
তদন্তে বিষয়টি ধরা পড়ার পর ব্যাংক কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকসহ বেশ কয়েকজনকে সাময়িক বরখাস্ত করে।
এ ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপক সামচুর রহমান জেলা জজ আদালতে এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শহীদুল হক বরিশাল কোতয়ালী মডেল থানায় পৃথক দু'টি প্রতারণার মামলা করেন।
কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) হায়াতুল ইসলাম জানান, ওয়ান এলেভেনের পর ইউনুচ আত্মগোপন করেন। পরে ঢাকার মতিঝিলের ইস্টার্ন সিটির চার তলায় ২৫ অক্টোবর র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী কোতয়ালী থানায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা করেন।
এই মামলার এজাহারে বলা হয়, গ্রামীণ পানি সরবরাহ (জিওবি) প্রকল্পের আওতায় জেলার গভীর-অগভীর নলকুপ স্থাপন না করেই ইউনুচ কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।
মামলাটি বর্তমানে দুদকে থাকলেও সেটির তদন্তকারী কর্মকর্তা এখনও নিয়োগ হয়নি। সে কারণে ব্যাংক ঋণের মামলায় দুদক জেলগেটে ইউনুচকে জিজ্ঞাসাবাদ করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২৮ ঘ.
bdnews24