ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়িতে রোববার রাতে সোহরাব (৪০) নামের ব্যাক্তি খুন হয়েছে। আগে সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে যাত্রাবাড়ি থানার এক কর্মকর্তা জানিয়েছেন।
যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক আখেরুজ্জামান বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানান, শনির আখড়া রূপসি গার্মেন্টসের কাছে বাঁশপট্টি পূর্ব শেখদি এলাকার একটি বাসায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের গুলিতে সোহরাব খুন হয়।
ওই পুলিশ কর্মকর্তা জানান, সুমি নামের এক মহিলাকে দ্বিতীয় স্ত্রী পরিচয় দিয়ে সোহরাব ওই বাসায় থাকতেন। তার প্রথম স্ত্রী শাহানা বেগম পাশেই আরেকটি বাসায় থাকেন।
আখেরুজ্জামান জানান, রোববার সন্ধ্যায় সোহরাব সুমির বাসায় যান। রাত ৯টার দিকে কয়েকজন সন্ত্রাসী ওই বাসায় গিয়ে দরজা ধাক্কা দিলে সোহরাব দরজা খুলে দেন। এর পরপরই সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
সোহরাব প্রায় এক বছর আগে থানার ও গোয়েন্দা পুলিশের সোর্স হিসাবে কাজ করতো বলে জানান আখেরুজ্জামান। তবে সোহরাব ইদানিং ওই বাসায় দেহ ব্যবসা চালাতো বলে অভিযোগ রয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০০০৫ ঘ.
bdnews24