২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওজায়ের ফারুক মারা গেছেন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ওজায়ের ফারুক রোববার মারা গেছেন। দুই সন্তানের বাবা ওজায়ের ফারুকের বয়স হয়েছিল ৬৩ বছর। সকালে অ্যাডভোকেট ওজায়ের ফারুক আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে মামলা পরিচালনা করেন। দুপুরে গাড়িতে করে বাড্ডা যাওয়ার পথে তার হার্ট অ্যাটাক হয়। বেলা ১টায় অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 12:13 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ওজায়ের ফারুক রোববার মারা গেছেন। দুই সন্তানের বাবা ওজায়ের ফারুকের বয়স হয়েছিল ৬৩ বছর। সকালে অ্যাডভোকেট ওজায়ের ফারুক আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে মামলা পরিচালনা করেন। দুপুরে গাড়িতে করে বাড্ডা যাওয়ার পথে তার হার্ট অ্যাটাক হয়। বেলা ১টায় অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। বিকাল সোয়া তিনটায় কলাবাগানে নিজ বাড়িতে তার লাশ নিয়ে আসা হয়। হাইকোর্টের বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান, বিচারপতি আবদুল আওয়াল, বিচারপতি মীর্জা হোসেন হায়দার, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফয়েজ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, গনতন্ত্রী পার্টির আহবায়ক নুরুল ইসলাম, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলামসহ স্বজনরা ওজায়ের ফারুককে একনজর দেখার জন্য সেখানে আসেন। বাদ মাগরিব সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা হয়। সেখানে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, আবদুর রহমান, জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, হাবিবুল ইসলাম ভূইয়া জানাজায় অংশ নেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ বার কাউন্সিল, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, সুপ্রিম কোর্টের কর্মচারী ও আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে ওজায়ের ফারুকের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এশার নামাজের পর কলাবাগান বোরহান উদ্দীন মসজিদে তার দ্বিতীয় জানাজা হয়। তৃতীয় জানাজা হয় তার কলাবাগানের বাসভবনের সামনে। সোমবার সকাল ১০টায় নেয়াখালীর চাটখিলে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আগামী ২ জানুয়ারি ওজায়ের ফারুকের প্রথম কুলখানি হবে চাটখিলে তার গ্রামের বাড়ীতে। ওইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ওজায়ের ফারুক স্মরণে এক শোক সভার আয়োজন করবে। ৩ জানুয়ারি বাদ আসর তার কলাবাগানের বাসায় দ্বিতীয় কুলখানি হবে। এদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রোববার এক বিবৃতিতে ওজায়ের ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ওজায়ের ফারুক ২০০২-০৩ সালে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। ১৯৯৪-৯৫ সালে তিনি সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রোটারি ক্লাব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অ্যালমনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন। তিনি দুবার বার কাউন্সিল সদস্যও নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর ওজায়ের ফারুক ১৯৭৩ সালে ঢাকা আইনজীবী সমিতিতে আইন পেশা শুরু করেন। ১৯৭৫ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএ/২০৫০ ঘ.