চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দালালদের প্রলোভনে পড়ে ভাগ্য ফেরাতে এ বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন ফরিদপুরের ফজলুল হক ও কামাল হোসাইন। থাই জলসীমায় ধরা পড়ার পর থাইল্যান্ড এবং মিয়ানমারে একাধিকবার হাজত বাস করতে হয়েছে তাদের। সীমান্ত এলাকায় দালাল ও উগ্রপন্থীদের হাতে বন্দী থাকার সময় শিকার হয়েছেন অবর্ণনীয় নির্যাতনের। পঙ্গু হতে হতে বেঁচে গেছেন। এই অবস্থায় প্রায় এক বছর পর দেশে ফিরেছেন।
থাইল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা সিয়াম হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে বন্দী দশা থেকে মুক্তি পেয়ে তারা দেশে ফেরত আসেন ১১ ডিসেম্বর। এ দুজনের উপর তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেয় এ প্রতিষ্ঠানটি। কক্সবাজারে চিত্রগ্রহণের সময় এটির নির্মাতা আহমেদ আবিদের মাধ্যমে দুই যুবক ফজলুল হক (৩০) ও কামালা হোসেন (২৯) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গত এক বছরে ঘটে যাওয়া গা শিউরে ওঠা সেসব কাহিনী জানান।
তারা বলেন, মৃত্যুর কথা বলা সহজ কিন্তু প্রতিবার যেভাবে মৃত্যু হাত থেকে বেঁচে এসেছি সেসব কথা মনে পড়লে এখনও গা দিয়ে ঘাম ছুটে যায়, গায়ে কাটা দিয়ে ওঠে।
ফজলুল হকের বাড়ি ফরিদপুর জেলার বিবিরকান্দি গ্রামে। সমুদ্র পথে মালয়েশিয়া যাত্রার আগে বিভিন্ন প্রসাধনী সামগ্রী ফেরি করতেন ঢাকায়। আর কামাল হোসেনের বাড়ি ফরিদপুরের রাজারসর্দিতে। তিনি ফলমূলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য ফেরি করতেন চট্টগ্রামে। বিদেশ যাওয়ার জন্য নিজেদের সর্বস্ব বিক্রি করে দুজন মিলে ৭০ হাজার টাকা তুলে দেন কামালের দূর সম্পর্কের খালু নুর ইসলামের হাতে।
নিরক্ষর এ দুজনের স্বপ্ন ছিল বিদেশ গিয়ে চাকরি করবেন, সংসারে স্বচ্ছলতা আনবেন। কিন্তু এ বছরে ঈদুল আজহার ২২ দিন পর ২৩ জানুয়ারি মধ্যরাতে যাত্রা শুরুর পরপরই বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন।
তারা বলেন, দালালরা প্রথমে তাদের তোলা হয় কক্সবাজার শহরের হোটেল এশিয়ায়। সেখানে ১২ দিন রাখার পর মোট ৯৩ জনকে একসঙ্গে শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বাঁকখালী নদীর পাড়ে একটি পরিত্যক্ত লবণ মিলে জড়ো করে। এদের মধ্যে সাতজন ছাড়া বাকি সবাই রোহিঙ্গা মুসলিম।
কামাল বলেন, রাত একটার দিকে পুরনো মাঝারি আকারের একটি ট্রলারে সবাইকে তোলা হয়। জাহাজে করে নিয়ে যাওয়ার পরিবর্তে ট্রলারে তোলার সময় প্রতিবাদ করলে দালালরা জানায় মাঝ সমুদ্রে জাহাজে তোলা হবে। দুই ঘন্টায় বাঁকখালী নদী ও মহেশখালী নদী পাড়ি দিয়ে ট্রলার সমুদ্রে পৌঁছায়।
তিনি বলেন, "দুই ঘন্টা চলার পরও গভীর সমুদ্রে কোন জাহাজের দেখা না মেলায় আমরা ধরা খেয়েছি বলে নিশ্চিত হই। বিশাল সব ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে দুলতে থাকে ট্রলারটি। অধিকাংশই ভয়ে ও আতঙ্কে বমি করে অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় অনিশ্চিত এক যাত্রা।"
কামাল জানান, ট্রলারের সব বাঙালিই ফিরে আসতে চেয়েছিল। কিন্তু রোহিঙ্গারা তাদের কথা কানেই তোলেনি। তারা বলেছে, এ জীবনের চেয়ে সাগরে মরে যাওয়া ভালো। রোহিঙ্গারা দলবেধে লাঠি দিয়ে মারধর করেছে তাদের। ফিরতে চাইলে তাদের সাগরে ফেলে দেয়ার ভয়ও দেখিয়েছে। তারা মুখ বুজে সব সহ্য করতে বাধ্য হন।
ফজলু বলেন, "মাঝ সাগরে ঝাঁপিয়ে পড়ার চিন্তাও বাদ দেই বিশাল সব ঢেউয়ের ভয়ে। নিজেদের সপেঁ দেই ভাগ্যের হাতে। মায়ানমারের উপকূলে ভেড়ার জন্য মাঝিদের কাছে তাদের আকুতিও বৃথা যায়।"
ট্রলারের মাঝি ও ইঞ্জিন চালকও বিদেশ যাবার স্বপ্নে বিভোর থাকায় তাদের কথা কানেই তোলে না বলে জানান তিনি।
কামাল ও ফজলু জানান, এভাবে কূল কিনারহীন সাগরে চলার পথে প্রায়শই দিক হারিয়ে ফেলে আমাদের নৌকার মাঝি। ছয় কি সাত দিনের দিন মিয়ানমার নৌ বাহিনীর একটি জাহাজ তাদের আটক করে। পরে রোহিঙ্গাদের কাছে বার্মিজ ভাষায় সবকিছু শোনার পর তারা তাদের তেল, খাবার পানি, পাতার বিড়ি, মাছ, ও তরিতরকারি দেয়। কোন পথে যেতে হবে তা দেখানোর পাশাপাশি একটি কম্পাসও দেয়।
সমুদ্র যাত্রার বর্ণনা করতে গিয়ে তারা জানান, নবম দিন ঝড়ের মুখে পড়ে তাদের ট্রলার। এক একটি ঢেউ ২৫ থেকে ৩০ হাত উঁচু হয়ে ভেঙ্গে পড়তে চায় ট্রলারের উপর। এই প্রথম মৃত্যুর ভয় গ্রাস করে সবাইকে।
কান্নাভেজা কন্ঠে কামাল বলেন, "এ বুঝি মরণ হয় এমন ভাবনা পেয়ে বসে আমাদের। বেঁচে থাকলে জানের বদলা জান দেয়ার জন্য মানত করি।"
ফজলুল হক বলেন, "কোন উপায়ন্তর না দেখে মৃতুর জন্য প্রস্তুতি নেয়া শুরু করি। কলেমা জপতে শুরু করি। বিনা ঘুমে কেটে যায় ৪৮ ঘন্টার বেশি। মাঝি কিভাবে যে ঝড়ের মাঝে ট্রলার ঠিক রেখেছিল তা ভেবে পাই না।"
এভাবে ১১ দিন ১০ রাত সমুদ্রে দিশাহীন অবস্থায় চলার পর থাইল্যান্ডের নৌ বাহিনীর একটি জাহাজ তাদের আটক করে রেনং উপকূলে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে প্রথমে থাই সেনাবাহিনী পরে পুলিশের মাধ্যমে তাদের থাই অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করে। তিনদিন পর অভিবাসন কর্মকর্তারা এ ট্রলারের সবাইকে মেচ্ছব সীমান্ত দিয়ে মিয়ানমারে পাঠিয়ে দেয়।
তারা জানান, মিয়ানমারে ঢুকিয়ে দেয়ার পর সেখানে তারা একটি সশস্ত্র উগ্রপন্থী দলের খপ্পরে পড়েন। বেধড়ক পিটিয়েও তাদের কাছ থেকে অর্থকড়ি না পেয়ে এ দলটি এক/দুই দিনের মাথায় একটি দালাল চক্রের কাছে বিক্রি করে দেয় তাদের। এ চক্রটি বাংলাদেশে তাদের দালালদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে এবং টাকা দাবি করে। দালালরা টাকা না পাঠানোতে একটি ঘরে সবাইকে বন্দী করে রাখা হয়। বন্দী অবস্থায় তিন মাসের প্রতিটি দিন তাদের উপর চলে অকথ্য নির্যাতন। হাঁটু ও পায়ের গোড়ালিকে তারা বেছে নেয় মারধরের জন্য। অনাহারে অর্ধাহারে শরীর ভেঙে পড়েছিল।
এক পর্যায়ে ফজলু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার হাত পা শুকিয়ে যায়। হাটা চলার শক্তি হারিয়ে ফেলেন তিনি।
ফজলু জানান, এ অবস্থায় দালাল চক্রটি তাকে থাইল্যান্ডে পুশ ব্যাক করে। মাইসট সীমান্তের মুসলিম অধ্যুষিত এলাকার একটি হাসপাতালে ২০/২২ দিন চিকিৎসা চলে তার। একটু সুস্থ হয়ে উঠলে হাসপাতাল থেকে সেখানকার বাংলা মসজিদে আশ্রয় মেলে তার।
অপরদিকে, কয়েকদিনের মধ্যে কামালের অবস্থাও ফজলুর মত হয়ে পড়ে। দালাল চক্রটি প্রায় সাড়ে চার মাসের মাথায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকেও থাইল্যান্ডে পাঠিয়ে দেয়।
কামাল বলেন, "অন্য সঙ্গীদের মধ্যে পাঁচ/সাত জন করে অনেককে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। দালালদের যারা দেশ থেকে টাকার জোগান দিতে পেরেছে তাদের আবার মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছিল বলে শুনেছি।"
এরপর মাস দুয়েক পরে থাই পুলিশ তাদের মাইসট থেকে পচুয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশ ব্যাক করে। তারা নিজেদের রোহিঙ্গা নয়, বাংলাদেশি হিসেবে পরিচয় দিলেও কাজ হয়নি।
মায়ানমার সীমান্তে এবার তারা অপর একটি দালাল গোষ্ঠীর খপ্পরে পড়েন। সেখান থেকে কৌশলে পালিয়ে থাইল্যান্ডে ঢুকতে পারলেও থাই পুলিশের হাতে ধরা পড়েন। থাইল্যান্ডের বিভিন্ন জেলে আরও দেড় মাস থাকার পর থাই পুলিশ তাদের তৃতীয় বারের মতো মিয়ানমার সীমান্তে পুশ ব্যাক করে। এবার তারা সশস্ত্র মুজাহিদদের খপ্পরে পড়ে।
ধরা পড়ার পর তাদের আফগানিস্থাতে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেয়া শুরু করে গ্র"পটি। কামাল বলেন, যতই তারা আফগানিস্থান না যাওয়ার জন্য কাকুতি মিনতি করেন ততই তাদের উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে।
কামাল ও ফজলু জানায়, তাদের পাহাড় ও ঘন জঙ্গলের একটি সশস্ত্র ক্যাম্পে আটকে রাখা হয়। রমজানের শেষের দিকে তারা সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। সশস্ত্র মুজাহিদরা তাদের ধাওয়া করে থাই সীমান্তে ঢুকে পড়ে। মুজাহিদদের নেতা থানা পর্যন্ত এসে তাদের খোঁজ করে যায়। কিন্তু থানার পুলিশ কর্মকর্তার সহায়তায় তারা সে যাত্রা রক্ষা পান। বাংলাদেশি পরিচয় পেয়ে পুলিশ তাদের আইডিসিতে (ইমিগ্রেশন বিভাগে) পাঠিয়ে দেয়।
সেখান থেকে সিয়ামের চেয়ারম্যান ডা. মনিরুল ইসলাম তাদের কাগজপত্রসহ টিকিটের ব্যবস্থা করলে গত ১১ ডিসেম্বর তারা দেশে ফিরে আসেন।
কক্সবাজার জেলার পুলিশ সুপার বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দরিদ্র মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে দালালদের একটি চক্র এ কাজটি করে থাকে।"
তিনি বলেন, "কক্সবাজারের ১২০ কিলোমিটার দীর্ঘ এ উপকূলের অনেকগুলো রুট রয়েছে। জনবলসহ নানা সীমাবদ্ধতায় এত বড় দীর্ঘ সীমানা তদারক করা সম্ভব হয় না।"
পুলিশ সুপার জানান, দালালদের ধরতে এবং সাগরে রওনা দেয়ার আগে পাচার রোধ করতে চেষ্টা করছে পুলিশ। গত ১১ ডিসেম্বর এ ধরনের একটি পাচার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে কক্সবাজার পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24