২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কড়া সর্তকতা

পাকিস্তানে আত্মঘাতীয় হামলায় সেদেশের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। সেখানে আটক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের কমান্ডারসহ সন্দেহভাজন ২৬ জঙ্গির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 12:05 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে আত্মঘাতীয় হামলায় সেদেশের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। সেখানে আটক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের কমান্ডারসহ সন্দেহভাজন ২৬ জঙ্গির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। চট্টগ্রাম কারাগারের জেলার ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা কারাগারে আটক জেএমবি জঙ্গিদের পলায়নের চেষ্টার পর থেকেই সম্ভাব্য নাশকতা এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়। তবে পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোকে হত্যার পর থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়। তিনি জানান, পাকিস্তানের ঘটনার পর পরই শুক্রবার থেকে কারাগারের ভেতরে ও বাইরে নিয়মিত পুলিশ প্রহরার বাইরে আরও ৩০ জন দাঙ্গা ও ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার বলেন, "জঙ্গি নাশকতা ঠেকাতে আগে থেকেই ২৬ জঙ্গির প্রত্যেককে পৃথক সেলে রাখা হয়েছে। জঙ্গিদের পরস্পরের সঙ্গে কথা বলার সুযোগও আর নেই। এছাড়াও শনিবার সকাল থেকে অতিরিক্ত সর্তকতার কারণে তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। চট্টগ্রাম কারাগারে জামায়াতুল মুজাহীদিন বাংলাদেশ (জেএমবি)'র চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার জাবেদ ইকবালসহ ২৬ জঙ্গি আটক আছেন। এদের মধ্যে ৫ জন সাজাপ্রাপ্ত এবং অপর ২১ জনের বিরুদ্ধে করা মামলার বিচার কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/১৭৫৫ ঘ.