ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শুক্রবার দুপুরে কোতয়ালী থানার এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। যশোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুই ট্রাক চালক। ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন। (আরও তথ্যসহ-১)
মাদারীপুরে বৃহস্পতিবার রাতে বাস-ট্রাক সংঘর্ষে মারা গেছে এক বাস যাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ফরিদপুর: মোটর সাইকেলে করে একটি মামলার তদন্তে যাওয়ার পথে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক নূর আহমদ আল মোরশেদ।
শুক্রবার দুপুর ১টায় ফরিদপুর-ঢাকা মহাসড়কের শিবরামপুর এলাকায় ঢাকাগামী একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় নূর আহমদ ঘটনাস্থলেই নিহত এবং তার সোর্স বিমান পোদ্দার আহত হন। বিমান পোদ্দার ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে আসরের নামাজের শেষে ফরিদপুর পুলিশ লাইন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
পিকআপটি আটক হলেও চালক পলাতক। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ওসি জানান, মোরশেদ ২০০১ সালে উপ-পরিদর্শক পদে পুলিশ বিভাগে যোগদান করেন। তার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইলিশ কোল গ্রামে। ফরিদপুরে শহরে তিনি স্ত্রী ও তিন বছরের একটি মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
একইদিন ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর বারখাদা ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে ১২ বাসযাত্রী আহত হন। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক আবু জেয়াদ খান জানান, রুমা পরিবহনের ওই বাসটি যশোর থেকে ঢাকা যাচ্ছিল।
এছাড়া বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় অজ্ঞাত একটি যান অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিউর রহমান জানান, পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে মর্গে পাঠিয়েছি।
এ ব্যাপারে মধুখালী থানায় মামলা হয়েছে।
যশোর: যশোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার দুই ট্রাক চালক নিহত ও ২১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন শাহজাহান (৭০) ও আজিবর রহমান (২৪)।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ভোর সাড়ে ছয়টার দিকে যশোর-মাগুরা সড়কের কদমতলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ট্রাক চালক মারা যান। একটি ট্রাকের হেলপার নুরু মিয়া (৪০) আহত হন।
তিনি জানান, সকাল ১১টার দিকে একই সড়কের কেষ্টপুর এলাকায় কুয়াশার কারণে জিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ২০ জন আহত হন। আহতদের যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে ৪ থেকে ৫ ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ উপজেলা সদরের টোল প্লাজা গোল চত্বরে শুক্রবার দুপুরে একটি প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় প্রাইভেট কারের তিন যাত্রী আহত হয়েছেন। প্রিয়াঙ্কা নামের এক যাত্রীসহ তিনজনকে আশুগঞ্জ নূর মেডিকেল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কান্তি দাস বলেন, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার বিপরীত দিক থেকে একটি রিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি আটক করা হয়েছে।
মাদারীপুর: ভাঙ্গা-মাওয়া মহাসড়কে শিবচর উপজেলার বাচ্চর পেট্রোল পাম্পের সামনে বৃহস্পতিবার গভীর রাতে বাস-ট্রাক সংঘর্ষে জেবাগ উদ্দিন মোল্লা (৩২) নামের এক বাস যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বলেন, কাওড়াকান্দি ফেরিঘাটে পাড়ের অপেক্ষায় সারিবদ্ধ থাকা একটি ট্রাককে মঠবাড়িয়া থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাত্রী মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনায় আহত ২০ জনকে শিবচর, ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শহীদুল ইসলাম (২০), সুমি আক্তার (১৭), তানিয়া (১৫), জামাল উদ্দিন (২৭) ও হাফিজারের (১২) অবস্থা আশঙ্কাজনক।
ওসি জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএআর/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24