বরিশাল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বামনা উপজেলার বুকাবুনিয়া বাজারে বৃহস্পতিবার রাতে ত্রাণসামগ্রীসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে আটক করে লোকজন। এ সময় তারা বিক্ষোভ এবং ত্রাণ আত্মসাতের অভিযোগে সফিকুল আলম নামের এ কর্মকর্তাকে লাঞ্ছিত করে। বিক্ষুব্ধরা তার মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
পুলিশ রাতেই বিক্ষোভ করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন-ওমর ফারুক (২৬), আসাদুল ইসলাম (২২), বেলাল হোসেন (২০), ইউনুস চৌকিদার (২৫) ও আবদুস সালাম মল্লিক (২২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাদ ছাল্লাল জানান, ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব থেকে সফিকুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বদল দায়িত্ব পালন করবেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম বদুজ্জামান।
ত্রাণ আত্মসাতের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মতে, ত্রাণসামগ্রী বিতরণে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সফিকুল আলমের বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি দুই বস্তা ত্রাণসামগ্রী নিয়ে বাড়ি রওনা হলে তাকে আটক করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, এ ঘটনায় সফিকুল আলম ত্রাণসামগ্রী লুট ও মোটর সাইকেল ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত পাঁচজন ছাড়া ছলিল জমাদ্দার, আফজাল মোল্লা ও মামুন মল্লিক নামের আরও তিনজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24