২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ কারাগারসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার

পাকিস্তানে আত্মঘাতী হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সংসদ ভবন এলাকার দুটি বিশেষ কারাগারসহ দেশের ৬৭টি কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুই বিশেষ কারাগারে আটক রয়েছেন দেশের দুই সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এছাড়া রাজধানী ঢাকায় বিশ্ববিদ্যালয়, কূটনৈতিকপাড়া এবং বিমান বন্দর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও র‌্যাব সদস্যরা রাজধানীর অর্ধশতাধিক জায়গায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 05:24 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে আত্মঘাতী হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সংসদ ভবন এলাকার দুটি বিশেষ কারাগারসহ দেশের ৬৭টি কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুই বিশেষ কারাগারে আটক রয়েছেন দেশের দুই সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এছাড়া রাজধানী ঢাকায় বিশ্ববিদ্যালয়, কূটনৈতিকপাড়া এবং বিমান বন্দর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও র‌্যাব সদস্যরা রাজধানীর অর্ধশতাধিক জায়গায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছে। কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মেজর শামসুল হায়দার সিদ্দিকী রাত ১০টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই আমরা সংসদ ভবন এলাকার দুটি বিশেষ কারাগারসহ দেশের ৬৭টি কারাগারেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। দেশের যেসব কারাগারে জেএমবি সদস্যরা বন্দি রয়েছে তাদের কক্ষ তল্লাশি এবং তাদের সাক্ষাতপ্রার্থীদের ওপর বিশেষ নজরদারিরও নির্দেশ দেওয়া হয়েছে।" সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে বন্দি দেশের সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে মেজর সিদ্দিকী বলেন, "আমি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল গুলজারউদ্দিনের সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যে বিশেষ কারাগারের চারপাশে র‌্যাবের টহল বাড়ানো হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন।" কারা উপ-মহাপরিদর্শক আরো বলেন, "আমি এখন বিশেষ কারাগারের উদ্দেশে রওনা হয়েছি। আমি দুই নেত্রীর সঙ্গেই আলাদাভাবে কথা বলে তাদের নিরাপত্তা জোরদার করার বিষয়টি জানাবো এবং এ ঘটনায় আতংকিত হওয়ার কোন প্রয়োজন নেই বলে তাদের নিশ্চিত করবো।" র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল গুলজারউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হওয়ার খবর পাওয়ার পর রাজধানী ঢাকায় কূটনৈতিকপাড়া ও সাবজেল এলাকায় র‌্যাবের টহল ইতিমধ্যে বাড়ানো হয়েছে। এছাড়া সারাদেশে র‌্যাবের ব্যাটালিয়নগুলোকেও এলাকাভিত্তিক টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।" এ হামলার প্রেক্ষিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বা তাদের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "সুনির্দিষ্টভাবে কোন ব্যাক্তির নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা কোন নির্দেশ পাইনি। তবে অঞ্চলভিত্তিক নিরাপত্তা বাড়ানোর ফলে উপদেষ্টারাও এর আওতায় পড়বেন। আর সুনির্দিষ্ট নির্দেশ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো। " ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাকিস্তানে বোমা হামলার খবর পেয়ে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিমান বন্দর এবং কূটনৈতিক পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে ৫০টির বেশি চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের দেহ তল্লাশি করা হচ্ছে।" পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ওই হামলায় কমপক্ষে আরও ১৬ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩০৭ঘ.