ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে তিন বছরের শিশু সজিবকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচারক আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডিতরা হলেন একই এলাকার মো. শুকুর আলী হাওলাদার, মো. আশরাফ আলী ও মো. আবদুর রহিম।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ২০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা বাজার তাওয়াপট্টি থেকে সজিবকে অপহরণ করে আসামিরা। এর কয়েকদিন পর পুলিশ মিরপুরে বিআরটিসি বাস থেকে সজিবকে উদ্ধার করে। পরে আসামিদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সজিবের মা নূরজাহান বেগম নারী ও শিশু নির্যাতন আইনে কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।
কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক আ. কাদের ২০০৩ সালের ৭ ডিসেম্বর অভিযোগপত্র দেন। এ মামলায় বিচারের সময় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৯১২ ঘ.
bdnews24