ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারের চারজন সুপারিনটেনডেন্ট প্রায় এক সঙ্গে স্বেচ্ছা-অবসরে যাওয়ার আবেদন করেছেন। এ ছাড়া ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়মানুযায়ী অবসরে যাওয়ার কথা রয়েছে আরও ৪ সুপারিনটেনডেন্টের। একজন ২০ ডিসেম্বর অবসরে গেছেন।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বুধবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন "কারাগারগুলোতে জনবল আশঙ্কাজনকভাবে কমছে। কিন্তু সে অনুযায়ী নিয়োগ হচ্ছে না। ফলে কারাগারগুলো চালানো কঠিন হয়ে পড়েছে।"
তিনি জানান, চার সুপারিনটেনডেন্ট স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন। এরা হলেন, সাতক্ষীরায় কর্মরত আব্দুল জব্বার বিশ্বাস, নওগাঁর রফিকুল আলম, নরসিংদির রহুল আমিন ও পটুয়াখালীর জাকির হোসেন।"
সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব জমা দেওয়ার আদেশের পর কারাগারের ওই চার সুপারিনটেরডেন্ট স্বেচ্ছা-অবসরে যাওয়ার আবেদন করলেন।
জাকির হাসান বলেন, "দুইটি বিশেষ কারাগারসহ দেশে বর্তমানে ৬৯ কারাগার রয়েছে। নিয়মানুযায়ী প্রতিটি কারাগারে একজন করে সুপারিনটেনডেন্ট থাকার কথা। কিন্তু আছেন মাত্র ২২জন। বাকি কারাগারগুলো জেলার দিয়ে চালানো হচ্ছে।"
কারাগারের একটি সূত্র জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও ৪ সুপারিনটেনডেন্ট নিয়মানুযায়ী অবসরে যাচ্ছেন। এরা হলেন যশোরের আলাউদ্দিন, রংপুরের নুরুল ইসলাম, ময়মনসিংহের আব্দুল কাদির, চুয়াডাঙ্গার আক্কাস আলি। গত ২০ ডিসেম্বর মেয়াদশেষে অবসরে যান বাগেরহাটের বিমল চন্দ্র।
৪ জনের স্বেচ্ছা-অবসরের আবেদন গৃহীত হলে এবং আরও ৪ জনের নিয়মমাফিক অবসর কার্যকর হওয়ার পর নতুন বছর থেকে মাত্র ১৩ জন সুপারিনটেনডেন্ট দিয়েই দেশের কারাগারগুলো চালাতে হবে।
মো. জাকির হাসান জানান, শুধু সুপারিনটেনডেন্ট সংকট নয়, কারারক্ষী সংকটেও ভুগছে কারাগারগুলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/০১২৭ ঘ.
bdnews24