ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ভেতরে ব্যবহৃত ডাক বিভাগের এনভেলপ (খাম) ও পোস্টকার্ডের দাম ৫০ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এনভেলপের দাম দুই টাকা থেকে বেড়ে তিন টাকা এবং পোস্ট কার্ডের দাম এক টাকা থেকে বেড়ে দেড় টাকা হবে।
পাশাপাশি বৈদেশিক ডাকের ক্ষেত্রে প্রকৃত মাশুলের সঙ্গে ২০ শতাংশ সার্ভিস চার্জ নেওয়া হবে। আগামী ১ জানুয়ারি থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ডাক মাশুল বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে কাতারে জনশক্তি পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে 'এডিশনাল প্রটোকল' স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে বলেও বিবরণীতে জানানো হয়। জানুয়ারির প্রথম সপ্তাহে কাতারের শ্রমমন্ত্রীর বাংলাদেশ সফরকালে এ প্রটোকল স্বাক্ষরিত হবে বলে বৈঠকে জানানো হয়।
বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির বিষয়ে কাতারের সঙ্গে ১৯৮৮ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ-২০০৭ এবং পরিবেশ আদালত অধ্যাদেশ- ২০০৭ এর খসড়া বৈঠকে উপস্থাপন করা হলে তা আরো পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় উপস্থাপন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমআই/এমএইচবি/১৯৩৬ ঘ.
bdnews24