ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক দিন ধরে রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দেশ। উত্তরাঞ্চলে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এ অঞ্চলে কুয়াশা কাটতে প্রায় দুপুর হয়ে যাচ্ছে। কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিভিন্ন সময় ফেরি চলাচল যেমন বন্ধ থাকছে; তেমনি সড়ক পথেও দুর্ঘটনা বাড়ছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটগুলোতে দেখা দিচ্ছে যানজট।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের কারণেই এমনটা হচ্ছে; শীতের তীব্রতা না বাড়লেও কুয়াশার মাত্রা বেড়েছে। ২০/৩০ বছর আগের তুলনায় এখন কুয়াশার পরিমাণ বেশি। এটাকে তারা ধোঁয়াশা হিসেবে চিহ্নিত করছেন, যা ধোঁয়া ও কুয়াশার সংমিশ্রণ।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে। ঘন কুয়াশা আরো কয়েকদিন পরে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মানিকগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গত তিন দিনে কমপক্ষে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ঈদ ফেরত যাত্রীদের চাপ থাকায় দৌলতদিয়া ঘাটে দেখা দিচ্ছে তীব্র যানজট। গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ লাইনও দেখা যায় এ সময়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের কর্মকর্তারা জানান, কুয়াশার কারণে গত শনিবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুই ঘণ্টা, রোববার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত এবং ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুই দফায় আট ঘন্টা এবং সোমবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুই ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা জানান, গত এক সপ্তাহ ধরে প্রায় রাতেই কুয়াশা পড়ছে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলেই ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া ছাড়া উপায় থাকে না। দুর্ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেয়া হয়; কারণ কুয়াশায় দুই ফুট দূরেও কোনো কিছুও দেখা যায় না।
তিনি বলেন, "পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রয়োজনীয় সংখ্যক ফেরি থাকার পরও কুয়াশার কারণে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। এর ফলে দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে।"
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশায় মাওয়া-জাজিরা নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরেই রাতে কুয়াশা হচ্ছে। সকালেও কুয়াশা কাটছে না। এ কারণে বুধবার রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চার ঘণ্টা ফেরি চলেনি। রায়পুরা, কাকলী, থোবাল ও লেনটিং- এ চারটি ফেরি রাতে মাঝ নদীতে আটকে ছিল। ফলে দুপারের ফেরিঘাটে সৃষ্টি হয়েছে যানজট।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা সিরাজ মিয়া জানান, কুয়াশা খানিকটা কেটে গেলে বুধবার সকাল সাড়ে ৭টার পর থেকে গাড়ি পারাপার শুরু হয়।
এর আগে মঙ্গলবার ভোর রাত থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে গত দুই দিন ধরে কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যার পরপরই কুয়াশায় এলাকা ঢেকে যায়। পরের দিন অন্তত বেলা ১১টার আগে কুয়াশা কাটে না।
কুয়াশার কারণে শহরের দোকানপাট খুলছে দেরিতে। সরকারি-বেসরকারি অফিসগুলো খুললেও বেলা করেই মানুষ কাজ সারতে আসছেন। যানবাহনের স্বাভাবিক চলাচলও বিঘি
bdnews24