বাগেরহাট, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও চিংড়ি ঘের দখলের অভিযোগে করা মামলায় বাগেরহাট-২ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ আব্দুল হাকিম সেলিম ওরফে সিলভার সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বাগেরহাটের বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই নিয়ে বাগেরহাটের বিভিন্ন থানায় সিলভার সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজি এবং জমি ও ঘের দখলের অভিযোগে করা ১০টি মামলার সবগুলোতে অভিযোগপত্র দিল পুলিশ।
এ বছরের ২৯ জুলাই বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুনগর গ্রামের চিংড়ি ঘের মালিক শেখ মেজবাউজ্জামান টিপু মামলাটি করেন।
সাবেক সাংসদ ও জেলা বিএনপি সভাপতি সেলিমসহ বিএনপির ১৫ নেতা-কর্মীকে এ মামলায় আসামি করা হয়েছে।
অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা হলেন, জেলা যুবদল সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, রামপাল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উজলকুড় ইউপি চেয়ারম্যান খাজা মঈনউদ্দিন, উজলকুড় ইউপি সদস্য শুকুর ফকির, রামপালের গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আসাদুজ্জামান আসাদ, শেখ টিটু, মোজাব শেখ, মুন্না শেখ, গোলাম মোস্তফা সরদার, আরজ আলী গাজী, ফরহাদ শেখ টুনু, রফিকুল শেখ, মোশারফ শেখ, এমদাদ হোসেন ফারাজী ও পরিমল দাস।
এদের মধ্যে সিলভার সেলিম, শেখ আসাদুজ্জামান আসাদ, মোজাব শেখ ও মুন্না শেখ বর্তমানে কারাগারে আছেন।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিভিন্ন সময় আব্দুল হাকিম সেলিম ও তার অন্যতম সহযোগী মেহেবুবুল হক কিশোর বাদী শেখ মেজবাউজ্জামান টিপুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে চিংড়ি ঘের থেকে বিতাড়িত করার হুমকি দেন তারা।
টিপু টাকা দিতে অস্বীকার করায় ২০০২ সালের ২ মে রাতে আসামিরা সেলিমের নির্দেশে তার ঘেরে হামলা চালায় এবং মাছ বিক্রির সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে কর্মচারীদের তাড়িয়ে দিয়ে তারা ঘেরটিও দখল করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯০৫ ঘ.
bdnews24