নোয়াখালী, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাকে দাফনের সময় রাষ্ট্রীয় মর্যাদা না দেয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামবাসী চৌমুহনী-মাইজদী সড়ক মঙ্গলবার এক ঘণ্টা অবরোধ করে রাখে।
একলাসপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (৭০) সোমবার বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী জানান, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ জানালে মঙ্গলবার সকাল ১০টায় জানাজার সময় নির্ধারণ করা হয়। কিন্তু বেলা ১১টায়ও গার্ড অব অনার দেয়ার জন্য পুলিশ না আসায় এলাকাবাসী মুক্তিযোদ্ধাকে দাফন করে।
এরপর ক্ষুব্ধ এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা ১ ঘণ্টা পর্যন্ত চৌমুহনী-মাইজদী সড়ক অবরোধ করে রাখে। পরে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের অনুরোধে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা অবরোধ তুলে নেয়। বেলা ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুল আলম প্রয়াত মুক্তিযোদ্ধার কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮২৯ ঘ.
bdnews24