ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরাকীর্তি খোয়া যাওয়ার দায় স্বীকার করে পদত্যাগের কথা ভাবছেন সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী। সোমবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এদিকে, নিরাপত্তা বাহিনী ও কুরিয়ার প্রতিষ্ঠান হোমবাউন্ডের কর্মকর্তারা বলছেন, পুরাকীর্তিগুলো খোয়া গেছে এয়ার ফ্রান্সের কাছে হস্তান্তরের পর। পাশাপাশি ফরাসি দূতাবাসের দাবি, পুরাকীর্তির চালান বিমানে তোলার কয়েক ঘণ্টা আগে বিমানবন্দরের সার্ভিস এরিয়া থেকে মূর্তিগুলো চুরি হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরাসি দূতাবাস এ ঘটনাকে 'একটি ক্ষুদ্র গোষ্ঠীর ষড়যন্ত্র' অথবা 'ছিঁচকে চুরি' হিসেবেও আখ্যায়িত করে।
সংস্কৃতি উপদেষ্টা পুরাকীর্তি খোয়া যাওয়ার দায়িত্ব স্বীকার করে সোমবার সাংবাদিকদের বলেন, "সংস্কৃতি উপদেষ্টা হিসেবে এ ঘটনার দায়-দায়িত্ব আমাকে নিতে হবে।"
শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সংস্কৃতি উপদেষ্টা তার পদত্যাগের সম্ভাবনা সম্পর্কে বলেন, "দেখি, বিষয়টি নিয়ে ভাবছি।"
বিমানবন্দরে থাকা বাদবাকি পুরাকীর্তিগুলোর বিষয়ে তিনি জানান, এয়ার ফ্রান্সের এই এয়ারক্রাফটে সেগুলো যাবে না। পরে এগুলো পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
তিনি বলেন, "পুরাকীর্তি ফ্রান্স থেকে সঠিকভাবে ফেরত আসবে না- এ বিষয়ে প্রতিবাদ ছিল। কিন্তু পাঠানোর সময় খোয়া যাবে- কেউ এমন কথা বলেননি।"
এদিকে, ফরাসি দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, পুরাকীর্তির চালান বিমানে তোলার কয়েক ঘণ্টা আগে বিমানবন্দরের সার্ভিস এরিয়া থেকে মূর্তিগুলো চুরি হয়। এতে আরও বলা হয়, জিয়া বিমানবন্দরের টারমাকে পুরাকীর্তিগুলো নজরদারিহীন অবস্থায় ছিল। যারা এগুলো ধার দিচ্ছে এবং যারা নিচ্ছে তাদের কারোরই নিয়ন্ত্রণ ছিল না সেখানে।
ফ্রান্স সরকার পুরাকীর্তি উধাওয়ের ঘটনাকে যথেষ্ট সন্দেহজনক মনে করছে বলেও জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এমনও হতে পারে যে বাংলাদেশ ও ফরাসি সরকারকে বিব্রত করার জন্যই একটি ক্ষুদ্র গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে এটা ঘটিয়েছে।'
পুরাকীর্তি পাঠানোর বিরোধিতাকারীদের 'ক্ষুদ্র গোষ্ঠী' হিসেবে উল্লেখ করে ফরাসি দূতাবাস বলেছে, 'পুরাকীর্তির চালানটি যদি নির্দিষ্ট সময়ে রওনা হতো এবং দায়িত্বপ্রাপ্ত কুরিয়ারর্ র্কতৃপক্ষ যদি আগেই চালানটি পরীক্ষা না করতো, তাহলে পুরাকীর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়তো প্যারিস পৌঁছানোর পর। আর সেক্ষেত্রে ওই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী গোষ্ঠী এ ঘটনার জন্য ফরাসি সরকারকেই দায়ী করতো।'
তবে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজারউদ্দিন আহমেদ সোমবার র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, এয়ারফ্রান্সের হেফাজত থেকে পুরাকীর্তিগুলো হারিয়েছে বলে ধারণা করছেন তারা।
শুক্রবার রাত ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে এয়ারফ্রান্স কর্তৃপক্ষকে কার্টনগুলো হস্তান্তর করার বিষয়টি জানিয়ে তিনি বলেন, "আমরা চেষ্টা করছি সুনির্দিষ্টভাবে কার ওপর দায়িত্বটি বর্তায় তা নির্ধারণ করতে। যে কোনও জিনিস কার্গো ভিলেজ থেকে প্লেনে ওঠাতে অনেক মানুষের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা এখন সবার সঙ্গে কথা বলছি।"
তিনি জানান, গ্রেপ্তারকৃত ১০জন ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরও ৯ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ ও র্যাব বলেছে, এয়ার ফ্রান্সের বিমানটি শনিবার ভোর ৫টায় আসার কথা থাকলেও কুয়াশার কারণে সকাল ১১টায় ঢাকা আসে। একজন লোডার পুলিশকে জানায়, বিমানবন্দরে দায়িত্বরত এয়ারফ্রান্সের লোডিং সুপারভাইজার মাসুদ রানা বন্ডেড ওয়্যার হাউজ অরক্ষিত রেখে শুক্রবার রাত ৩টায় খেতে যান এবং শনিবার বেলা ১টায় ফেরেন। ওই লোডারের ভাষ্য অনুযায়ী, মাসুদ রানা যখন ফেরেন ততক্ষণে পুরাকীর্তির বাক্সগুলো উড়োজাহাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। উড়োজাহাজটি দাঁড়ানো ছিল কার্গো বিল্ডিং থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে।
শনিবার দুপুরে বিমানে তোলার সময় একটি কার্টন কম থাকার বিষয়টি ধরা পড়ে। ১৩টি বাক্স চার-চার ও পাঁচটি করে একত্রে বেঁধে এক একটি প্যালেট করা হয়। কিন্তু বিমানে তোলার সময় দেখা যায় পাঁচটি বাক্সের প্যালেট থেকে ৫ নম্বর বাক্সটি চুরি হয়ে গেছে।
মাসুদ রানাকে গ্রেপ্তার করা না হলেও তাকে র্যাবের হেফাজতে রাখা হয়েছে।
হোমবাউন্ডের ম্যানেজার এয়ারফ্রেইট জর্জ কুইয়ারও বলেছেন, জাদুঘর থেকে পুরাকীর্তি বোঝাই কার্টনগুলো দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ২টার দিকে তিনি এয়ারফ্রান্সকে বুঝিয়ে দেন।
পুরাকীর্তি খোয়া যাওয়ার ঘটনায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পাল বাদী হয়ে রোববার রাতে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, শুক্রবার বিকেল সোয়া ৫টায় পুরাকীর্তির ১৩টি বাক্স বিমান বন্দরের কার্গো ভিলেজের ফটকে নিয়ে যাওয়া হয়। কাস্টমস চেকিং শেষে রাত আড়াইটার দিকে হোমবাউন্ড কুরিয়ার এয়ারফ্রান্সের কাছে তা হস্তান্তর করে। পরে দুটি বিষ্ণু মূর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
পুলিশের উত্তরা জোনের উপ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দর থেকে পুরার্কীতির কার্টনটি শুক্রবার রাত ৩টা থেকে শনিবার ভোর ৬টার মধ্যে খোয়া গেছে বলে মনে করা হচ্ছে।
রফিকুল ইসলাম বলেন, "এখন আমাদের প্রধান লক্ষ্য হারানো মূর্তিগুলো খুঁজে বের করা। ইতোমধ্যে কার্গো ভিলেজ ও বিমানটিতে তল্লাশি চালানো হয়েছে। এখন বিমানবন্দরের আশেপাশে তন্নতন্ন করে খোঁজা হচ্ছে।"
ভারতের শিলিগুড়িতে পাওয়া চারটি পুরাকীর্তির বিষয়ে উপ কমিশনার বলেন, "সেগুলো আমাদের এখান থেকে চুরি হয়েছে বলে মনে হচ্ছে না।"
রোববার আটক ১১ জনের মধ্যে দুই আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ভোলা থেকে আরও এক বিমান কর্মচারী গ্রেপ্তার হওয়ায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, এয়ার ফ্রান্সের বিমানটি এখনও বিমানবন্দরেই আছে। আর পুরাকীর্তির বাকি ১২টি কার্টন আছে কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায়।
ঘটনার তদন্তের বিষয়ে উপ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম জানান, এখনো তাদের কোনো সাফল্য নেই। তবে পুলিশ সদর দপ্তর থেকে ইন্টারপোলে বার্তা পাঠানো হয়েছে।
প্যারিসের গিমে মিউজিয়ামে প্রদর্শনীর জন্য ২১ ডিসেম্বর ঈদের দিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় জাদুঘর থেকে পুরাকীর্তির শেষ চালানটি জিয়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ১৩টি কার্টনে ১৪৫টি পুরাকীর্তি 'হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস' এর চারটি ট্রাকে বিমানবন্দরে নেওয়া হয়।
এর আগে গত ৩০ নভেম্বর প্রথম চালানে ১০টি কার্টনে ৪২টি প্রত
bdnews24