ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিল দেওয়ার ক্ষেত্রে গ্রাহক হয়রানি বন্ধে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)। গ্রাহকদের জন্য খুব শিগগির অগ্রিম বিল জমা দেওয়ার সুবিধা দেবে সংস্থাটি। এছাড়া, নির্ধারিত বিলের চেয়ে কম অর্থও জমা দেওয়া যাবে।
বিটিটিবি নতুন চেয়ারম্যান ডি এম মওদুদ চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "অগ্রিম বিল জমা দেওয়ার পর গ্রাহকদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। বিলের কাগজ নিয়মিত গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে।"
ইন্টারনেটের মাধ্যমেও বিলসংক্রান্ত তথ্য জানা যাবে জানিয়ে তিনি বলেন, গ্রাহকরা ইচ্ছা করলে বিলের চেয়ে কম টাকাও জমা দিতে পারবেন। এছাড়া মোবাইল ফোন গ্রাহকদের মতো বিটিটিবির গ্র্হাকরাও সব সময় সর্বশেষ বিল জানার সুযোগ পাবেন।
বিটিটিবি সব থেকে কম টাকায় গ্রাহকদের কথা বলার সুযোগ করে দিচ্ছে দাবি করে মওদুদ চৌধুরী বলেন, "বিটিটিবি গ্রাহকদের কাছ থেকে বিল আদায়ের ক্ষেত্রে বিলম্ব ফি আদায় করে না। তবে দু'মাসের বিল বকেয়া হলে বা পাঁচ হাজার টাকার বেশি হলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।"
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ নিয়ে সক্রিয় চিন্তাভাবনা চলছে বলে জানান বিটিটিবির নতুন চেয়ারম্যান।
১৯ ডিসেম্বর মওদুদ চৌধুরী বিটিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০০৮ সালের ১ ফেব্র"য়ারি থেকে তার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২০৪৬ ঘ.
bdnews24