চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার হাটহাজারী উপজেলা সদরে গ্রিল ওয়ার্কশপে আগুন লেগে বৃহস্পতিবার গভীর রাতে উজ্জ্বল মিয়া (১৬) নামে এক কর্মচারী নিহত হয়েছে।
উজ্জ্বলের বাড়ি একই উপজেলার পশ্চিম ধলইয়ে।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিল্পী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আহমদ কবীরের মালিকানাধীন গ্রিলের ওয়ার্কশপে আগুনে লাগে। এতে কর্মচারী উজ্জ্বল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী গোবিন্দ ঘোষ জানান, ১২টা ৫০মিনিটে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ওই ওয়ার্কশপে আগুন লাগে। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা শিল্পী চৌধুরী জানান, শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসএনডি/১৬১৪ ঘ.
bdnews24