নীলফামারী, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওরা বাংলাদেশেরই নাগরিক। তবুও যেন কথা থেকে যায়। আসলেই কি তারা বাংলাদেশের? এ নিয়ে তাদের নিজেদেরও সংশয় রয়েছে। নাগরিক হয়েও ওরা বঞ্চিত ভোটাধিকারসহ প্রায় সব অধিকার থেকেই।
গিয়েছিলাম নীলফামারী থেকে ৫০ কিলোমিটার উত্তরের কোন এক জনপদের খোঁজে। বাঙ্গালী জনপদ! খাতায় কলমে যে জনপদের অধিবাসীরা আবার বাংলাদেশী। ফিরে যখন আসি তখন সঙ্গে করে বয়ে নিয়ে আসি এমনই অজস্র প্রশ্ন।
ডোমার উপজেলার পাশে ভারতের ভোগডাবুড়ির কোট ভার্জিনী, আর পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ সীমানায় ভারতের উপনচখী ভর্জিনী ছিটমহল, এই দুইয়ের ঠিক মাঝখানে এই জনপদ। বাংলাদেশের খারিজা ভার্জিনী ছিটমহলের অধিবাসী তারা। সংখ্যায় খুব বেশি নয়, ৩০০টি পরিবারের প্রায় দুই হাজার মানুষ।
দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এই ছিটমহলটি বিশ্বের ২৫৯টি আর বাংলাদেশের ৫১টির মতো একটি। এক দেশের ভেতর অপর দেশের ভূমি- এই হলো ছিটমহলের সাধারণ সংজ্ঞা। যেখানকার মানুষের নেই নিরাপত্তা। নেই চিকিৎসা সেবার ন্যূনতম আয়োজন। শিক্ষার আলো, বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট কিছুই নেই। এক অর্থে তারা 'নেই' জগতের বাসিন্দা। এতোসব 'নেই' এর সঙ্গে বসবাস করেও এ ছিটমহলের মানুষ স্বাভাবিক জীবনের প্রত্যাশায় বংশ পরম্পরায় বাপ-দাদার ভিটে আঁকড়ে ধরে বেঁচে আছে।
খারিজা ভার্জিনী ছিটমহলের চেয়ারম্যানের সঙ্গে পরিচয় অনেক দিনের। প্রয়োজনীয় কাজে নীলফামারী এলে তার কাছেই আবদারটা তুলি আমি- "ভাই, আমি খারিজা ভার্জিনী যাবো, ব্যবস্থা করে দেন।" সাংবাদিক পরিচয়ের কারণে তিনি অনেকটা উৎসাহী হয়েই বললেন- "দাঁড়ান, আমি দেখি, কী করতে পারি।"
চার-পাঁচদিন পর গত সপ্তাহে খবর দিলেন- সব ব্যবস্থা হয়ে গেছে, যদি যেতে চান আজই চলে আসেন। আমি আর দেরি না করে ছোট্ট একটা ব্যাগে প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে ছুটলাম খারিজা ভার্জিনীর পথে। পঞ্চায়েত প্রধানের সনদের ওপর ভর করে সেখানে যেতে তাই আর কোনো সমস্যাই হলো না।
খারিজা ভার্জিনীতে যখন ঢুকছি তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা। গ্রামের বুক চিরে মান্ধাতা আমলের মাটির মেঠো পথ। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার দিকেই তাই গোটা গ্রাম জুড়ে গভীর রাত নেমে এসেছে। চারদিকে ভূতুড়ে আবহ। দূর থেকে ভেসে আসছিল শিয়ালের হুক্কা-হুয়া ডাক। সোজা গিয়ে উঠলাম ছিটমহলের চেয়ারম্যান আনিসুর রহমানের বাসায়। একেবারেই সাধারণ তার ঘরখানা। এখানেও দারিদ্র্যের ছাপ। রাতে কথায় কথায় জানলাম এ ছোট্ট জনপদের মানুষের দুঃখ, দুর্দশার কথা।
১৯৪৭ এ দেশ বিভাগের পর দীর্ঘ ৬০ বছর পেরিয়ে গেলেও এখনও ঠাওর করতে পারেনি প্রকৃতপক্ষে তারা কোন দেশের নাগরিক।
সকালে গ্রাম ঘুরে দেখলাম সেখানে প্রায় ৫ শতাধিক শিশুর জন্য হজরত পাড়ায় আছে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়! বিদ্যালয়টিতে চার জন শিক্ষকের পদ থাকলে দু-একজনের বেশি শিক্ষক কোনো সময়ই ছিল না। নেই কোনো মাধ্যমিক স্তরের বিদ্যালয়। যে কারণে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরুনোর আগেই ঝড়ে পড়ে ৬০ থেকে ৭০ ভাগ শিশু। স্থানীয় লোকজন অনেক কাঠখর পুড়িয়ে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চালু করলেও বছর না ঘুরতেই শিক্ষক এবং শিক্ষার্থীর অভাবে তাও বন্ধ হয়ে যায়।
নিজ ভূ-খণ্ডের পর ভারতীয় ভূ-খণ্ড পেরিয়ে আবারো নিজ দেশের ভূ-খণ্ড পঞ্চগড় জেলার চিলাহাটিতে এসে মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করা খুবই কষ্টসাধ্যে ব্যাপার তাদের জন্য।
গ্রামের প্রায় সবাই পেশায় কৃষক। এ ছাড়া জীবিকা নির্বাহের কোন পথ নেই তাদের। কৃষক হলে কী হবে, কৃষি ঋণ তারা কালেভদ্রেও পাননি। আর সার, কীটনাশক, সেচ, উচ্চ ফলনশীল বীজ সবই তাদের নাগালের বাইরে। পেটে এক বেলা দানা পানি পড়লেও দু'বেলার দেখা পায় এমন অধিবাসীর সংখ্যাও তাই হাতে গোনা।
গৃহবধূ সাহেরা বেগম জানালেন, অবসর সময়ে কাঁথা সেলাই বা গল্প-গুজব করে সময় কাটাতে হয়।
দুপুরের খাবারটা কোনো রকমে সেরে হাঁটছিলাম গ্রামের মেঠো পথ ধরে। পথে দেখা খোদাবক্সের সঙ্গে। তিনি তার বিয়ে দেওয়া মেয়ে সুফিয়া খাতুনকে মাইলের পর মাইল হাঁটিয়ে নিয়ে আসছেন বাড়িতে।
গোটা গ্রামে রয়েছে শ্যালো পাম্প চালিত একটি ধান ভাঙ্গানো মেশিন। বছরের তিন মাস ধান ভাঙ্গানোর কাজ চললেও অন্যান্য সময় এটি বন্ধ থাকে। এখানে এখনও গড়ে উঠেনি কোন হাট-বাজার। ফলে সামান্য খরচের জন্য তাদের ছুটে যেতে হয় নীলফামারী চিলহাটি বাজারে অথবা পঞ্চগড়ের ভাউলাগঞ্জ বাজারে।
বিকেলের দিকে বাংলাদেশের মূল ভূ-খণ্ডে চলে আসার প্রস্তুতি নিতে নিতে কথা হয় খারিজা ভার্জিনীর চেয়ারম্যান আনিসুর রহমানের সঙ্গে।
আসার সময় তিনি জানালেন, এই রাজ্যে খুন হলে কোনো মামলা হয় না। বিচারের দায়িত্ব তাদেরই। সরকারের কোনো শাসন ব্যবস্থাও নেই এখানে। স্থানীয় ছিটবাসীরা ২২ সদস্যের একটি কমিটিকে নির্বাচিত করেন। ছিটমহল নাগরিক সমিতির নামের এই কমিটির প্রধান চেয়ারম্যান।
ছিটের উন্নয়নে কোনো উন্নয়ন কর্মসূচি নেই। এলাকার উন্নয়নে সমিতি চাঁদা তুলে উন্নয়ন কার্যক্রম চালায় বলেও জানান তিনি।
বাংলাদেশ প্রথম থেকেই ছিটমহল সমস্যা সমাধানের জন্য ভারতের ওপর চাপ দিয়ে এসেছে। ১৯৫৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নূন ও ভারতের প্রধানমন্ত্রী জওরলাল নেহেরুর মধ্যে একটি চুক্তিও হয়। আইয়ুবের সামরিক শাসন জারি হওয়ায় পর তা কার্যকর বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর মুজিব-ইন্দিরার মধ্যে পুনরায় চুক্তি হয় ১৯৭৪ সালে। তবে তাও খুব একটা এগোয়নি।
ঢাকা থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরি প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বারের ভোটার তালিকায় সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। একজনও বাদ যাবে না।"
তিনি বলেন, "৫১টি ছিটমহলের সবাইকে ভোটার করার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে এবং আশা করছি তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/এসএনডি/১৩৪৫ ঘ.
bdnews24