খুলনা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা শিল্পাঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের আন্দোলনরত কর্মচারি ও শ্রমিকদের বকেয়া মজুরি, বেতন ও ঈদ বোনাস দেওয়া শুরু হয়েছে। এ কারণে বৃহস্পতিবার পাটকলগুলোতে আন্দোলন পরিস্থিতি শান্ত হয়ে আসে।
কর্মচারী ও শ্রমিকরা জানায়, তাদের বকেয়া পাওনা আংশিক পরিশোধ করা হচ্ছে। শ্রমিকদের ৩৬ সপ্তাহের মজুরির মধ্যে মাত্র দুসপ্তাহের মজুরি ও কর্মচারিদের পাঁচ মাসের বকেয়া বেতনের মধ্যে এক মাসের বেতন দেওয়া হচ্ছে। তবে তারা সবাই ঈদ বোনাস পাচ্ছে।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) খুলনা অঞ্চলের সমন্বয়কারী মো. আবু তাহের জানান, আলীম, ইস্টার্ন, ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং মিলস এর শ্রমিক কর্মচারীদের দুই সপ্তাহের মজুরি ও এক মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হচ্ছে। ঈদের পর বাকি পাওনা পর্যায়ক্রমে শোধ করা হবে।
এই সাতটি পাটকলের অবসরপ্রাপ্ত দুই হাজারের বেশি কর্মীর বকেয়া পাওনা ঈদের পর পরিশোধ করা হবে বলে তিনি জানান।
ঈদের আগে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বুধবার খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে মিল গেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৭২৫ ঘ.
bdnews24