চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চট্টগ্রামের সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (ব্যবহারিক) দেওয়ান জাফরুল হাসান ও তার স্ত্রী সেহেলী বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বুধবার ডবলমুরিং থানায় এ মামলা করেন।
ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক ইসমাইল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "দুদকে জমা দেওয়া হিসাব বিবরণীতে জাফরুল ও সেহেলী বেগম ৮৮ লাখ ৯১ হাজার ৫৮২ টাকার সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগে মামলাটি করা হয়েছে।"
দেওয়ান জাফরুল হাসান ও তার স্ত্রীর সম্পদের হিসাব জমা দেওয়া হয় গত ১০ সেপ্টেম্বর। এতে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৫৪ লাখ ২১ হাজার ১১৫ টাকার সম্পত্তির হিসাব দেখানো হয়। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, এ দুজনের হিসাবে ৮৮ লাখ ৯১ হাজার ৫৮২ টাকার সম্পত্তির হিসাব গোপন করা হয়েছে।
জাফরুল হাসান এখন কারাগারে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএনডি/১৮৩২ ঘ.
bdnews24