ফেনী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারীর ছোট বোন ও ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী খোদেজা বেগম জামিনে ছাড়া পেয়েছেন।
বুধবার সকালে তিনি ফেনী কারাগার থেকে মুক্তি পান। এর আগে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গত ১ অক্টোবর তিনি গ্রেপ্তার হন।
কারাগার থেকে বেরিয়ে খোদেজা বেগম জানান, তিনি আর রাজনীতিতে যুক্ত থাকতে চান না।
গত জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনে খোদেজা বেগমকে ফেনী-২ আসনে ১৪ দলের প্রার্থী করা হয়। পরে অবশ্য ১৪ দল ওই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
খোদেজা বেগম সাংবাদিকদের বলেন, "আমি আর রাজনীতি করবো না। আমি গ্রেপ্তার হওয়ার পর দল আমার জন্য একটি বিবৃতিও দেয়নি।"
মামলা নিষ্পত্তির পর জাপানে ছেলেদের কাছে চলে যাবেন বলে জানান তিনি।
খোদেজা বেগম বলেন, "নিজে তো রাজনীতি করবোই না, পরিবারের সদস্যদেরও রাজনীতি না করতে বলবো।"
ভাইয়ের আচরণেও অসন্তোষ প্রকাশ করেন খোদেজা বেগম। তিনি বলেন, "আমি মুক্তি পাওয়ায় উনি (জয়নাল হাজারী) নিশ্চয়ই দুঃখ পাবেন। কারণ আমার গ্রেপ্তারের পর উনি বলেছিলেন, তিনি খুশি হয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24