২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"একাত্তরে নিজ হাতে মানুষ জবাই করতো রিজু রাজাকার"

রিজু রাজাকারের নির্মম নির্যাতনের সাক্ষ্য এখনো ছড়িয়ে আছে মাগুরার এখানে সেখানে। মুক্তিযুদ্ধের সময় তার হাতে নিহত স্বজনরা এখনো ভুলতে পারেন না সে সব কথা। স্বাধীনতার পর মাগুরা থেকে পালিয়ে যান রিজু। আর ফেরেনি। মৃত্যুর পরও মুক্তিযোদ্ধাসহ স্থানীয় জনতার প্রতিরোধের ঘোষণায় তার কবর হয়নি মাগুরায়। শ্বশুরবাড়ি ফেনীতে অনেকটা তড়িঘড়ি করে দাফন করা হয় এ চিহ্নিত রাজাকারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 03:19 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

অলোক রায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মাগুরা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রিজু রাজাকারের নির্মম নির্যাতনের সাক্ষ্য এখনো ছড়িয়ে আছে মাগুরার এখানে সেখানে। মুক্তিযুদ্ধের সময় তার হাতে নিহত স্বজনরা এখনো ভুলতে পারেন না সে সব কথা। স্বাধীনতার পর মাগুরা থেকে পালিয়ে যান রিজু। আর ফেরেনি। মৃত্যুর পরও মুক্তিযোদ্ধাসহ স্থানীয় জনতার প্রতিরোধের ঘোষণায় তার কবর হয়নি মাগুরায়। শ্বশুরবাড়ি ফেনীতে অনেকটা তড়িঘড়ি করে দাফন করা হয় এ চিহ্নিত রাজাকারকে। রেজাউল করিম ১৯৭১ সালে ছিলেন ইসলামী ছাত্র সংঘের (ছাত্রশিবিরের আদি সংগঠন) মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি এবং ছাত্রসংঘের অপর নেতা হাসান কবিরের নেতৃত্বে মাগুরায় আল বদর বাহিনী গঠিত হয়। তাদের নির্দেশে জেলার অনেক মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে হত্যা, ধর্ষণ, লুটপাট চলে। অধ্যাপক রেজাউল করিম (৫৫) রোববার রাতে মস্তিস্কের রক্তক্ষরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর পরপরই মাগুরায় খবর আসে তাকে মাগুরা এনে পৌর গোরস্থানে দাফন করা হবে। এ সংবাদ শোনার পর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ স্থানীয় জনতা রাজাকারের লাশ প্রতিরোধের ঘোষণা দেয়। সম্মিলিত এ প্রতিরোধের ঘোষণায় রেজাউল করিমের লাশ ফেনী জেলায় তার শ্বশুরবাড়িতে দাফন করা হয়। মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার খান আলী রেজা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রিজুর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শহরের পারনান্দুয়ালী এলাকার বিশিষ্ট ফুটবলার লুৎফর রহমান লুতু, মোল্যাপাড়ার গোলাম কবির, আলোকদিয়ার বাকু, হাজিপুর গ্রামের মজিবর, খানপাড়ার কাদের খান, মোবাশ্বের মধু, মীর পাড়ার হামেদ মীরসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। আলী রেজা বলেন, "রিজু নিজ হাতে মানুষ জবাই করতো। তিনি এবং তার বাহিনী নিরীহ মানুষকে হত্যার পর শহরের পারনান্দুয়ালী এলাকায় নবগঙ্গা নদীতে লাশগুলো ফেলে দিত।" তিনি জানান, একাত্তরের ৫ অক্টোবর রিজুর নেতৃত্বে তৎকালীন মহকুমা ছাত্র ইউনিয়নের সহ-সভানেত্রী ও স্কুল শিক্ষিকা লুৎফুন্নাহার হেলেনাকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ হেলেনার ছোট ভাই আলমগীর হোসেন বলেন, "রিজুর নির্দেশে মহম্মদপুরের সুলতানশী গ্রাম থেকে আমার বোনকে ধরে আনে রাজাকাররা। তারপর তাকে তুলে দেয় পাক হানাদারদের হাতে। আমার বৃদ্ধ পিতামাতা বারবার কাকুতি-মিনতি করার পর তার দেড় বছরের পুত্র সন্তানটিকে ফেরত দিলেও তাদের হাত থেকে আমার বোনের জীবন রক্ষা পায়নি। এমনকি তার লাশটি পর্যন্ত পাইনি আমরা।" আলমগীর হোসেন বলেন, "আমার বোনের লাশ মাটিতে দাফনের সুযোগ পাইনি আমরা। ওই রাজাকারের লাশ মাগুরার মাটিতে হওয়ার প্রশ্নই আসে না।" শহীদ হেলেনার স্বামী অ্যাডভোকেট আলী কদর বলেন, "রিজু গণধিকৃত রাজাকার হিসাবে মাগুরায় পরিচিত। একটি স্বাধীন দেশ পাওয়ার পরও এ রাজাকারের বিচার হলো না। আমরা ইতিহাসের কাছে হেরে যাচ্ছি।" মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী বলেন, "রিজুর নির্দেশে মুক্তিযোদ্ধাসহ মাগুরার ১৩৬৫ জন মানুষকে হত্যা করা হয়। ১৯৭১ এর ৭ ডিসেম্বর মাগুরা পাক হানাদার মুক্ত হলে রিজু রাতের আঁধারে পালিয়ে যায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চবি প্রতিনিধি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ভূমিকার কারণে বেশ কয়েকবার আলোচনায় এসেছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর দলীয় রাজনীতিতে তিনি সব সময় ছিলেন সক্রিয়। ছাত্রশিবিরের প্রত্যক্ষ মদদদাতার ভুমিকায় দেখা গেছে তাকে। রেজাউল করিম রিজু মৃত্যুর সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর পর তার লাশ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়নি। অনেকটা গোপনেই দামপাড়ার জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা পড়ানো হয়। তার জানাজায় ছাত্রশিবিরের কিছু নেতা কর্মী এবং জামায়াতের কিছু শিক্ষক ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র এবং শিক্ষক অংশ নেয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এমআই/২১১৩ ঘ.