২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাবেক বন কর্মকর্তা তপন কুমারের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পত্তির হিসাব বিবরণী দাখিল না করায় সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. তপন কুমার দে'র বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 08:36 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির হিসাব বিবরণী দাখিল না করায় সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. তপন কুমার দে'র বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করা হয় বলে থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মর্জিনা আক্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি জানান, কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। সম্পত্তির হিসাব বিবরণী জমা না দেয়ায় মামলাটি দায়ের করা হয়েছে। দুদক কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৮ অক্টোবর দুদক ড. তপন কুমার দে'কে সম্পত্তির হিসাব বিবরণী জমা দেয়ার নোটিশ দেয়। কিন্তু তিনি তা জমা দেননি। দুদক কর্মকর্তা জানান, মামলার তদন্তের পাশাপাশি তপন কুমারের সম্পত্তির অনুসন্ধানও চালানো হবে। তপন কুমার দে বন বিভাগের চট্টগ্রাম ষোলশহর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। যৌথবাহিনী জুলাই মাসের প্রথম সপ্তাহে অভিযান চালিয়ে তার অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে। ওই সময় থেকে তপন কুমার দে পলাতক থাকায় বন বিভাগ তাকে বরখাস্ত করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৪৩১ ঘ.