২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নন-ইমিগ্র্যান্ট ও ইমিগ্র্যান্ট ভিসা ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র সরকার। নন-ইমিগ্র্যান্ট ভিসা (এনআইভি) ফি ১০০ মার্কিন ডলারের পরিবর্তে ১৩১ ডলার এবং ইমিগ্র্যান্ট ভিসা (আইভি) ৩৩৫ ডলারের পরিবর্তে ৩৫৫ ডলার করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন এই হার কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র সরকার। নন-ইমিগ্র্যান্ট ভিসা (এনআইভি) ফি ১০০ মার্কিন ডলারের পরিবর্তে ১৩১ ডলার এবং ইমিগ্র্যান্ট ভিসা (আইভি) ৩৩৫ ডলারের পরিবর্তে ৩৫৫ ডলার করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন এই হার কার্যকর হবে। সোমবার ঢাকার আমেরিকান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা সেবা প্রক্রিয়ায় বর্ধিত খরচ মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারির আগে যেসব ভিসাপ্রার্থী ১০০ ডলার ফি প্রদান করেছেন এবং আগামী ৩১ জানুয়ারির আগে যাদের ভিসা সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করা হয়েছে, তাদের আবেদনপত্র অতিরিক্ত খরচ ছাড়াই প্রসেস করা হবে। কিন্তু যারা ৩১ জানুয়ারির আগে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হবেন না, তাদের এর পরে সাক্ষাৎকারের আগে অতিরিক্ত ৩১ ডলার পরিশোধ করতে হবে। ২০০৮-এর ১লা জানুয়ারির পর ভিসাপ্রার্থীকে অবশ্যই পুরো ফি ১৩১ ডলার পরিশোধ করতে হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ফি রশিদের মেয়াদ মাত্র ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে। ফি সংগ্রহ প্রক্রিয়ায় অবশ্য কোন পরিবর্তন হয়নি। নন-ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের ঢাকার গুলশান এভিনিউ-এ (পাকিস্তান হাই কমিশনের বিপরীতে) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এমআরভি আবেদন ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। সায়মন ওভারসিজ লিমিটেডের নন-ইমিগ্র্যান্ট ভিসা সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণের বিষয়টিও অপরিবর্তিত থাকবে। অন্যদিকে সব ডাইভারসিটি (ডিভি) ভিসাপ্রার্থীসহ কিছু ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীকে অতিরিক্ত ২০ ডলার পরিশোধ করতে হবে। যেসব আবেদনকারীকে কনস্যুলার ক্যাশিয়ারের কাছে অতিরিক্ত ফি প্রদান করতে হবে তাদের দূতাবাসের কর্মীরা নির্দেশনা দেবেন। যে কোন ধরনের সেবার জন্য দূতাবাসে পরিশোধ করা অর্থের বিপরীতে রশিদ প্রদান করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এমএইচবি/২১১৩ ঘ.