মানিকগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাকে হত্যা করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাইরের গেরাদিয়া এলাকায় ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।
নিহতের নাম মনিরুজ্জামান খান (৫২)। তিনি ছিলেন রূপালী ব্যাংকের সিঙ্গাইরের বায়রা শাখার ব্যবস্থাপক।
পুলিশ জানায়, সোমবার সকালে সোনালী ব্যাংকের মানিকগঞ্জ শাখা থেকে ১৫ লাখ টাকা তোলেন। পরে ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলে চড়ে তিনি সিঙ্গাইরের উদ্দেশে রওনা হন। পথে সিঙ্গাইরের গেরাদিয়া এলাকায় সন্ত্রাসীরা গুলি চালিয়ে মনিরুজ্জামানকে হত্যা করে ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ মনিরুজ্জামানকে স্থানীয় লোকজন প্রথমে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে তাকে সেখান থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মারা যান বলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল হালিম মোল্লা জানিয়েছেন। চিকিৎসক জানান, মনিরুজ্জামানের বুকের ডান পাশ গুলিবিদ্ধ হয়েছে।
তবে মোটর সাইকেলচালক বিল্টু অক্ষত রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে আটক করেছে। বিল্টুর বাড়ি সিঙ্গাইরের বায়রা এলাকায়।
বিল্টুর উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, সন্ত্রাসীরা গেরাদিয়া এলাকায় ওঁৎ পেতে ছিল। দুটি মোটর সাইকেলে চড়ে চার সন্ত্রাসী তাদের (বিল্টুর) পথ আটকে ফেলে। এক পর্যায়ে বিল্টুর মটর সাইকেলটি ধাক্কা মেরে ফেলে দেয়। ওই সময় মনিরুজ্জামান পালাতে চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। পরে তারা টাকা নিয়ে মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায়।
মানিকগঞ্জ জেলা শহরের বাইরে রূপালী ব্যাংকের চারটি শাখা রয়েছে। তবে এসব শাখায় টাকা লেনদেনের জন্য কোনো গাড়ি নেই। ভাড়ায় চালিত গাড়ি দিয়েই এসব শাখায় টাকা আনা-নেয়া হয়ে আসছে।
বিষয়টি ঝুঁকিপূর্ণ স্বীকার করে রূপালী ব্যাংক মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, "শুধু এ কারণেই অকালে মনিরুজ্জামানকে প্রাণ হারাতে হলো।"
বিকেলে বায়রা শাখার দুই নিরাপত্তা প্রহরী দুরুল হুদা ও সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ওই শাখার সহকারী ব্যবস্থাপক আক্তার হোসেন অর্থ লুট ও হত্যার অভিযোগ এনে সিঙ্গাইর থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24